ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় জড়িত থাকায় ৭৬ ব্যাচের ৫১০ প্রশিক্ষণার্থী জওয়ানের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে বাংলাদেশ রাইফেলস। বিডিআরের ওয়েবসাইটে তাদের তালিকাও প্রকাশ করা হয়।
এর কারণ হিসেবে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মাইনুল ইসলাম জানিয়েছেন, ভবিষ্যতে তারা ভালো সৈনিক হবেনা, তাই তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো।
সোমবার বাংলাদেশ রাইফেলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ৫১০ জওয়ান বিডিআর বিদ্রোগের সময় অস্ত্র হাতে নিয়েছিল উল্লেখ করে বিডিআর মহাপরিচালক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা প্রশিক্ষণার্থী। বিডিআরের আইনকানুন সম্পর্কে কিছু জানেনা। তাছাড়া বিডিআর সদস্য হিসাবে শপথও নেয়নি। ফলে তাদের বিরুদ্ধে বিডিআর আইনে কিছুই করার নেই।"
বিদ্রোহের আগে ২০০৯ সালের জানুয়ারি থেকে তাদের প্রশিক্ষণ শুরু হয় চট্রগ্রামের বায়তুল ইজ্জতের রাইফেলস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে। ছয় মাসের সফল প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ চূড়ান্ত করা কথা ছিল।
এদিকে আরো ৩৬ বিডিআর সদস্যকে 'অনুপস্থিত বা পলাতক' উল্লেখ করে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
গত বছর বিডিআর বিদ্রোহের পর পলাতক ২৪ জওয়ানের একটি তালিকা প্রকাশ করা হয়। একজন গ্রেপ্তার হওয়ায় পলাতকের সংখ্যা দাড়ায় ২৩ জন। এই ২৩ জনের তালিকা দেশের প্রতিটি থানায় পাঠানো হয়। তাদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
এবার এর সঙ্গে যুক্ত হলো এই ৩৬ জনের তালিকাটি। বিদ্রোহের পর এদের কেউ কেউ কাজে যোগ দিয়েও পরে আর আসেনি। তবে তাদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কারের কোনো ঘোষণা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২৩৯ ঘ.
bdnews24