২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিদ্রোহের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় সোমবার আরো ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এনিয়ে গত দুদিনে মামলার ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয় হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 03:56 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

পঞ্চগড়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় সোমবার আরো ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এনিয়ে গত দুদিনে মামলার ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয় হল। রোববার এই মামলায় অভিযোগ গঠন করা হয। অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের মধ্যে সাতজন দোষ স্বীকার করেছেন। আগামীকাল মঙ্গলবার আসামিদের বক্তব্য উপস্থাপন ও প্রসিকিউটরের যুক্তিতর্কের দিন ধার্য করা হয়। ২৫ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সোমবার সকাল সাড়ে ৮টায় বিচার কাজ শুরু হয়। আদালতে হাজির করা হয় ২৯ আসামিকে। এদের মধ্যে সাতজন নিজেদের দোষ স্বীকার করায় বাকিদের বিরুদ্ধে আদালতের প্রসিকিউটর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক ২৯ জন সাক্ষী উপস্থাপন করেন। রোববার মামলার বাদি সুবেদার মেজর আমিরুল হক শেখ ও ব্যাটালিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বতর্মানে মেজর) হাসিবুল হোসেন নবী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের সময় মেজর হাসিবুল হোসেন নবীসহ তিনজন সাক্ষী ভিডিও ফুটেজে ১৮ জন আসামিকে সনাক্ত করেন। এরপর আদালতের সভাপতি আসামিদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন এবং প্রসিকিউটরের যুক্তিতর্কের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। আসামিদের বক্তব্য লিখিতভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহেরও আদেশ দেন আদালত প্রধান। বিকাল সাড়ে ৪টায় আদালতের কাজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি করা হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে বিচারক প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম। এছাড়া একজন সেনা কর্মকর্তা ও তিনজন আইনজীবী কয়েকজন আসামির পক্ষে ফ্রেন্ডস অব দ্য একিউজড হিসেবে আদালতে উপস্থিত ছিলেন। গত ৩ ফেব্র"য়ারি পঞ্চগড়ের বিচার কাজ শুরু হয়। পরদিন বিচার কাজ শেষে রোববার (৪ এপ্রিল) পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কিছু সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিদ্রোহের বিচার হবে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.