সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার শুক্রবার শুরু হয়েছে।
আখালিয়া বিডিআরের আঞ্চলিক সদর দপ্তরে বিশেষ আদালত-৩ এ বিচারের মুখোমুখি হয়েছে সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ সদস্য।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম নেতৃত্বাধীন এ আদালতে ৮ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল ওয়াহিদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
আসামিদের মধ্যে ১০ জন আগেই গ্রেপ্তার ছিলেন। শুক্রবার আরো চারজনকে আসামি করে তাদের গ্রেপ্তারেরও নির্দেশ দেয় আদালত।
সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুনানির পর আদালত শনিবার সকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি করা হয়। সেদিন সব আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানের মতো সুনামগঞ্জেও কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24