২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬৬৮ 'বিদ্রোহীর' বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ জুন

পিলখানার বিডিআর আদালতে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২০ জুন দিন ঠিক হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 09:53 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিডিআর আদালতে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২০ জুন দিন ঠিক হয়েছে। বৃহস্পতিবার সব আসামির উপস্থিতিতে আদালত প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এ দিন ঠিক করে শুনানি সে দিন পর্যন্ত মুলতবি করেন। দুপুর সোয়া ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত বিডিআর সদর দপ্তরের দরবার হলে বিশেষ আদালত-৫ এ শুনানি চলে। ঢাকা সেক্টরের ২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন । তিনি বলেন, "আসামিরা সেদিন দরবার হল ত্যাগ না করলে মহাপরিচালকসহ অনেকের জীবন রক্ষা পেতো, বিদ্রোহ শুরুতেই দমানো যেতো।" কাঠগড়ায় উপস্থিত আসামিদের নাম উল্লেখ করে শামসুর রহমান বলেন, "এরাই অস্ত্র ভাণ্ডার লুট করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে, বৈঠক করে অন্যদের উস্কে দিয়েছে, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে, কুৎসা রটিয়েছে।" তিনি আদালতের কাছে মামলার সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুরোধ জানান। আসামিদের মধ্যে অনেকে কারাগারে থাকায় তাদের চুল-দাড়ি-গোঁফ বাহিনীর নিয়মিত সদস্যদের চেয়ে বড় ছিলো। বিষয়টি দৃষ্টিতে নিয়ে বিডিআর মহাপরিচালক সব আসামিকে গত বছর বিদ্রোহের আগে যে চেহারা ছিলো তা নিয়ে আদালতে হাজির করানোর জন্য প্রসিকিউটারকে নির্দেশ দেন। তিনি বলেন, তাদের চুল ছোট থাকাসহ সব কিছু বিডিআরের নিয়মের মধ্যে থাকবে, কেননা তারা এখনো বিডিআরের সদস্য। তারা অর্ধমাসের বেতন পাচ্ছে। বিডিআর মহাপরিচালক আসামিদের উদ্দেশে বলেন, আদালতের ভেতরেই আপনাদের সব কর্মকাণ্ড ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ক্রটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চার্জ গঠন করে সাজা দেওয়া হবে। বিডিআর আদালতে আসামিরা একজন আইনজীবী নিজ খরচে নিয়োগ দিতে পারবেন, যিনি পরামর্শ দিতে পারবেন কিন্তু সাক্ষীকে জেরা করতে পারবেন না। সাক্ষীদের জেরা একমাত্র আসামিই করতে পারবেন। এছাড়া যে কোনো আসামি বিডিআরের একজন কর্মকর্তাকে 'ফ্রেন্ড অব একিউজড' হিসাবে নির্বাচিত করতে পারবেন, যার কাছে আইনি পরামর্শ নেওয়া যাবে বলে মহাপরিচালক জানান। সকাল ১০টায় আদালতের কাজ শুরু হওয়ার কথা থাকলেও ৬৬৮জন আসামিকে দেরিতে আনার কারণে আদালতও দেরিতে বসে। এ জন্য আদালত প্রসিকিউটারকে সর্তক করে দেন। বিদ্রোাহের এ মামলার বাদি সুবেদার মো. মতিউর রহমান। অভিযুক্তদের মধ্যে ৩৫৫ জন আগেই নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছিলো। বুধবার আরো ৩১৩ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। একজন আসামি অসুস্থ থাকায় তাকে অ্যাম্বুলেন্সে করে দরবার হলে আদালতের কাছে নেওয়া হয়। আদালতের কার্যক্রম মাইকের মাধ্যমে শোনানো হয় তাকে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৫৫০ ঘ.