ফেনী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার রোববার আবার শুরু হবে।
সকাল সাডে ১০ টায় ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ হবে।
গত ২৫ জানুয়ারি পর্যন্ত মামলার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর আদালত ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।
মামলার ৬২ আসামির মধ্যে ৫৮ জন দোষ স্বীকার করেছেন।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আদালতের প্রসিকিউটর ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন জানান, বিচার কাজে নেতৃত্ব দেবেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলাম।
মামলার ৩১ সাক্ষীর মধ্যে বাকি ১৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। একইসঙ্গে তাদের জেরা করা হবে।
বিডিআর কর্মকর্তা জানান, বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম।
এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে থাকবেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় এ বাহিনীতে নিয়োজিত প্রায় ৬০ জন সেনা কর্মকর্তা খুন হন।
পরদিন এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের কিছু সদস্য।
ওই সময় ফেনী ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কিছু সদস্য অস্ত্র হাতে তুলে নেয়। তারা ফেনী-মাইজদী সড়ক অবরোধ করে রাখে এবং গুলি ছোড়ে।
এই ঘটনায় দাগনভূঞা থানা পুলিশ ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা করে। তারা ফেনী কারাগার রয়েছেন।
গত ২০ ডিসেম্বর ফেনীতে বিদ্রোহের বিচার শুরু হয়।
সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার করার জন্য গত ১৫ নভেম্বর ঢাকা দুটিসহ বিভিন্ন স্থানে ছয়টি বিশেষ আদালত স্থাপন করা হয়।
দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
অপরদিকে বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে প্রচলিত আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24