সাতক্ষীরা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরায় বিডিআর'র ৬০ সদস্যের বিচারের রায় ঘোষণা হবে আগামী ১৯ এপ্রিল।
দেশের বিভিন্ন স্থানে গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিজস্ব আদালতে বিচারাধীন মামলাগুলোর মধ্যে সাতক্ষীরাতেই প্রথম রায় হচ্ছে।
মঙ্গলবার বিকালে আদালতের সাতক্ষীরার বিশেষ আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলাম রায়ের তারিখের এ আদেশ দেন।
একই সঙ্গে ১৯ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করেন মইনুল।
সকাল পৌনে ৯টায় আদালতের সভাপতি প্যানেল বোর্ডের অন্য সদস্যদের নিয়ে আদালত কক্ষে আসেন।
এর আগে নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নের অভিয্ক্তু ৬০ বিডিআর সদস্যকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম অভিযুক্ত বিডিআর সদস্যদের বিরুদ্ধে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অস্ত্রাগারের তালা ভাঙা, হ্যান্ড মাইকে বিদ্রোহের ঘোষণা, ভাংচুর, লুটপাট ও হত্যার উদ্দেশ্যে সেনা কর্মকর্তাদের পিছু ধাওয়াসহ বিভিন্ন অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন।
প্রসিকিউটর বক্তব্যের পর কাঠগড়ায় দাঁড়ানো ৪৪ জন বিডিআর সদস্য নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন।
অভিযুক্ত ৬০ জনের মধ্যে ১৬ জন ইতোপূর্বে দোষ স্বীকার করে কৃতকর্মের জন্য আদালতে ক্ষমা প্রার্থনা করেন।
আদালতে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ, মেজর লুৎফুল কবির এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খসরুজ্জামান।
উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
আদালতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ওবায়দুল আহসান, ৪১ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআরের নারকীয় ঘটনার পর সারা দেশের ন্যায় সাতক্ষীরার ৪১ ও ৭ রাইফেলস ব্যাটালিয়নের কিছু জওয়ান ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এ ব্যাপারে নীলডুমুরের ৭ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জন বিডিআর সদস্যদের বিরুদ্ধে ২০০৯ সালের ৭ ডিসেম্বর বিচার কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২০৩৭ ঘ.
bdnews24