২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা বিডিআর বিদ্রোহ: আরো সাক্ষ্য গ্রহণ

সাতক্ষীরার বিদ্রোহীদের বিচারে দুই মাস পর রোববার আবার বসেছে বিডিআর আদালত। সকালে বিশেষ আদালতে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

সাতক্ষীরা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বিদ্রোহীদের বিচারে দুই মাস পর রোববার আবার বসেছে বিডিআর আদালত। সকালে বিশেষ আদালতে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে তিন দফায় ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হল। ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এরপর সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মূলতবি করা হয়। বিদ্রোহকালে বিডিআর সদস্যদের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে সাক্ষীরা বলেন, সেনাবাহিনী আসছে এই খবর দিয়ে বিদ্রোহীরা অপর সদস্যদের উত্তেজিত করে তোলে। তারা সাতক্ষীরা-কালিগঞ্জ ও সাতক্ষীরা-বুড়িগোয়ালিনী সড়কে ভারী অস্ত্র বসিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করার ঘোষণা দেয়। নিরীহ লোকজনকে মারধর করে। এ ছাড়া ৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির মো. আরিফ ও চিকিৎসা কর্মকর্তা মেজর রিয়াজুল ইসলামকে হত্যার জন্য খোঁজাখুজি করে। এ আদালতে বিচার চলছে নীলডুমুর ব্যাটালিয়নের বিদ্রোহে অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যের। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলামের নেতৃত্বে আদালতে সাক্ষ্যগ্রহণ চলে। এ মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর গত ২১ জানুয়ারি শুনানি মুলতবি করা হয়। মোট সাক্ষীর সংখ্যা ৪০। বিচারক প্যানেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল কবির। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খসরুজ্জামান। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই সময় সাতক্ষীরাসহ কয়েকটি এলাকায় বিডিআর সদস্যরা ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। সাতক্ষীরার অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৯ ঘ.