ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় এক বছর পর বুধবার বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) এর সদর দপ্তর পিলখানায় শুরু হচ্ছে 'রাইফেল্স সপ্তাহ-২০১০'।
'রাইফেল্স সপ্তাহ-২০০৯' চলাকালে গতবার যে হলে বিশেষ দরবার বসেছিল এবার সেখানে তা বসছে না।
'সপ্তাহ' বলা হলেও এবার একদিনেই কর্মসূচি সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২৪ ফেব্র"য়ারি রাইফেল্স সপ্তাহ উদ্বোধন করার পরদিন পিলখানার দরবার হলে বসেছিল মহাপরিচালকের বিশেষ দরবার। সে অনুষ্ঠান চলাকালেই শুরু হয় বিদ্রোহ।
ঘটনার পরিণতিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। এ ঘটনায় নিরীহ মানুষসহ প্রাণ হারান মোট ৭৪ জন।
বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ওই দরবার হলে বিশেষ আদালত বসায় পাশের মাল্টিপারপাস ট্রেনিং শেডে বুধবার সকাল সাড়ে ১০টায় বিডিআর মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্টিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, বিশেষ দরবারে বাংলাদেশ রাইফেল্স এর সকল স্তরের কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্য উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০০৯ সালে বাংলাদেশ রাইফেল্স এর কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের পুরস্কার বিতরণ করা হবে।
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবার রাইফেল্স সপ্তাহের সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জিএনএ/২০২০ ঘ.
bdnews24