ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওই ঘটনা ছিলো 'ষড়যন্ত্রের' অংশ এবং এতে জড়িতদের খুঁজে বের করা হবে।
বিদ্রোহের বছরপূর্তিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরপ্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে এখনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে তদন্ত কর্মকর্তা বুধবারই জানান। তবে ওই ঘটনায় গ্রেপ্তার বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ ব্যক্তিগতভাবে তাতে জড়িত বলে তদন্ত কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, "সেনাবাহিনী প্রধান (মইন) কেন সেদিন তার কর্মকর্তাদের উদ্ধারে এগিয়ে আসেননি, তা রহস্যজনক। বিদ্রোহের পর প্রধানমন্ত্রী ও সরকারের নীরব ভূমিকাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়।"
"অবশ্যই একদিন এ সব প্রশ্নের জবাব উদঘাটন করে ওই ঘটনার পেছনে উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে", বলেন তিনি।
২৫ ফেব্রুয়ারি বিদ্রোহের পরপরই তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে দেশে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, সেনাবাহিনী সরকারের অনুগত আছে।
মোশাররফ বলেন, "ওই বিদ্রোহের ঘটনা পূর্বপরিকল্পিত। যারা এ দেশকে দুর্বল করতে চায়, অকার্যকর করতে চায়, তারাই এক ঢিলে দুই পাখি মারার মতো এই হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআরকে ধ্বংস করেছে।"
সরকারের তদন্ত প্রতিবেদনগুলোতে বিদ্রোহের ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসেনি বলে মত প্রকাশ করেন তিনি।
সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে মোশাররফ এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "দেশের স্বার্থবিরোধী চুক্তি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল যেন কথা না বলতে পারে, সে জন্য আমাদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে।"
'রক্তক্ষরণের ৩৬৫ দিন : পিলখানা ট্র্যাজেডি- টার্গেট বাংলাদেশ' শীর্ষক ওই আলোচনা সভা আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এতে সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি'র সভাপতি শেখ শওকত হোসেন নিলু, বিডিআর'র সাবেক মহাপরিচালক ফজলুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬২৭ ঘ.
bdnews24