ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই শুরু হবে।
বিদ্রোহের এক বছর পূর্তিতে বৃহস্পতিবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে মিলাদ মাহফিলের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাহারা বলেন, "বিদ্রোহের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। হত্যাকাণ্ডের বিচারের তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজও চলছে। শিগগিরই তা দেওয়া হবে। এরপরই বিচার শুরু হবে।"
পিলখানা হত্যাকাণ্ডের মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ বুধবার সাংবাদিকদের বলেছেন, তদন্ত প্রায় শেষ । ৯০০ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হতে পারে।
দুপুরে বিডিআর সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে গত বছর বিদ্রোহের সময় নিহতদের আত্মার শান্তি চেয়ে দোয়া ও মোনাজাত হয়।
স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিলখানায় কর্মরত বিডিআর সদস্য ছাড়াও সয পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
বিডিআর মহাপরিচালক জানান, পিলখানায় নিহতদের পরিবারকে প্লট বরাদ্দ ইতিমধ্যে দেওয়া হয়েছে। কাউকে চাকরিও দেওয়া হয়েছে।
নিহত সেনা সদস্যের পরিবারের কয়েকজন সদস্য মিলাদে অংশ নেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24