সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ ফেব্রুয়ারি, ২০০৯, সকাল ৯টা, হঠাৎ করেই পিলখানায় গুলির শব্দ আশপাশের এলাকার মানুষকে সচকিত করলেও প্রথমে অনেকে ভেবেছিলো বিডিআর সপ্তাহের অনুষ্ঠান চলছে, তাই হয়তো.....। কিন্তু একটু পরে যখন পিলখানা থেকে বাইরে গুলিবর্ষণ শুরু হলো, তখন সবাই নিশ্চিত হলো- সেখানে বিদ্রোহ করেছে জওয়ানরা।
দেশবাসী জানতে চাইছিলো- কী ঘটছে পিলখানায়। ভেতরে যারা ছিলো তাদের স্বজনরা ছিলো উৎকণ্ঠিত। এক সময় বিডিআর সদস্যরা গণমাধ্যমকর্মীদের জানালো, তারা বিদ্রোহ করেছে। বিদ্রোহের পক্ষে নানা যুক্তিও তুলে ধরছিলো তারা। কিন্তু ভেতরে পাইকারি হারে হত্যাকাণ্ড ঘটছে, তা ছিলো সবার অজানা। অবশ্য অনুমান করা যাচ্ছিলো কিছু হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সে সংখ্যা যে ৭৩ জনে দাঁড়াবে সে ধারণা করা যায়নি আগে।
২৫ ফেব্রুয়ারি বিদ্রোহের সূচনাতেই জওয়ানদের গুলিতে কয়েকজন বেসামরিক লোক প্রাণ হারায়। সেনাবাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা। অন্যদিকে পিলখানা থেকে বিদ্রোহীরাও গুলি ছুড়ে জবাব দিতে থাকে।
এ পরিস্থিতিতে মন্ত্রীসহ তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একটি প্রতিনিধি দল যায় বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করতে। সেখান থেকে বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদ হোসেনের নেতৃত্বে একটি দল যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে। প্রধানমন্ত্রী অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে জওয়ানদের সমব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সেদিন রাত থেকেই অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কিছু বিদ্রোহীরা দাবি করে, সেনাবাহিনীকে সরিয়ে নিতে হবে। থেমে থেমে গুলির শব্দে উৎকণ্ঠা কাটছিলো না দেশবাসীর। অন্যদিকে ভেতরে থাকা সেনা কর্মকর্তাদের খবর না পেয়ে তাদের স্বজনরাও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন।
ভোররাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ভেতরে গিয়ে আটকে থাকা কয়েকজনকে নিয়ে বেরিয়ে আসেন। তখন তিনি জানান, অস্ত্র সমর্পণ চলছে। এরপর ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে আটকে থাকা বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বেরিয়ে আসেন। তারাও সঠিক অবস্থা জানাতে পারছিলেন না।
সকালে কামরাঙ্গীরচরে নর্দমায় ভেসে আসে ছয় সেনা কর্মকর্তার লাশ। তখন বোঝা যায়, অনেক হত্যাকাণ্ড ঘটেছে এবং লাশগুলো নর্দমায় ফেলে দেওয়া হয়েছে।
দুপুরের দিকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিডিআর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্ত্র ত্যাগ করে ব্যারাকে ফিরে যান, নইলে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
একই সময়ে সেনাবাহিনী পিলখানায় ঢোকার প্রস্তুতি নেয়। পিলখানায় গুলির শব্দ ধীরে ধীরে কমতে শুরু করে। রাতের মধ্যেই পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। রাত ৮টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি এখন শান্ত। বিডিআর সদর দপ্তর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" অবসান ঘটে ৩৩ ঘণ্টার বিদ্রোহের।
ওই সময়ে দেশে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, সেনাবাহিনী সরকারের অনুগত আছে।
তবে বিদ্রোহের অবসান দেখে অনেক বিডিআর সদস্য দেয়াল টপকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পালানোর সময় তারা বিডিআরের পোশাক খুলে যান, এমন অনেক পোশাক পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এরপর শুরু হয় ক্ষয়ক্ষতির মাত্রা বুঝতে তল্লাশি। তল্লাশিতে একে একে বেরিয়ে আসতে থাকে লাশ। অনেকগুলো লাশকে একসঙ্গে পুঁতে রেখেছিলো বিদ্রোহীরা। এমন একটি স্থান থেকে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের মৃতদেহ। পাওয়া যায় তার স্ত্রীর লাশও। বিডিআরে কর্মরত বিভিন্ন সেনা কর্মকর্তার বাড়িতে লুণ্ঠনের চিত্রের দেখাও মেলে।
কয়েকদিন ধরে তল্লাশির পর দেখা যায়, মোট ৫৭জন সেনাকর্মকর্তাসহ ৭৩ জন হত্যাকাণ্ডের শিকার শিকার হয়েছেন। এরপর পলাতক বিডিআর ধরতে শুরু হয় অভিযান, কয়েকদিন ধরে গ্রেপ্তারও হন অনেকে।
পিলখানা বিদ্রোহের সময় দেশের কয়েকটি স্থানে বিডিআর সেক্টরে বিদ্রোহ হলেও তাও নিয়ন্ত্রণে আনা হয়।
রক্তাক্ত এ বিদ্রোহের সূত্রপাত কীভাবে হয়েছিলো- তার বর্ণনা দিতে গিয়ে গত বুধবার আদালতে ঢাকা সেক্টরের বিদ্রোহের মামলার বাদি নায়েক সুবেদার শাহ আলম ভূঁইয়া বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি দরবার শুরু হলে সিপাহি মইনুদ্দীন প্রথমে মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে অস্ত্র তাক করলে উপস্থিত কর্মকর্তারা তাকে নিরস্ত্র করে। এর পরপরই বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদ্রোহীরা।
আদালতের প্রসিকিউটর মেজর মতিউর রহমান বলেন, একটি অংশ এর আগেই অস্ত্র ও গোলাবারুদ লুট করে। হলের ভেতর একটি 'জাগো' বললেই শুরু হয়ে যায় গোলাগুলি। এরপর বিদ্রোহীরা পাইকারিহারে হত্যাকাণ্ড ও লুটপাট চালায়।
বিদ্রোহের সূচনায় জওয়ানরা সংবাদকর্মীদের বলেছিলো, পুঞ্জীভূত অসন্তোষ থেকেই তাদের এ পদক্ষেপ। বাহিনীতে সেনা কর্মকর্তাদের নিয়ন্ত্রণের বিপক্ষেও বলে আসছিলো তারা।
সরকারের বিভিন্ন মন্ত্রী বলছিলো, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ২৭ ফেব্র"য়ারি সাংবাদিকদের বলেন, "সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের ফলশ্র"তিতে এ হত্যাকাণ্ড হয়েছে। এ জন্য দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছিল। ব্যয় করা হয়েছিলো কোটি কোটি টাকা।"
বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুকে গ্রেপ্তারও করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার এক জনসভায় বলেন, বিদ্রোহে উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে।
তবে পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক ইন্ধনের কোনো প্রমাণ এ পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি বলে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আব্দুল কাহহার আকন্দ বুধবার জানিয়েছেন। তবে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেউ ব্যক্তিগতভাবে এতে জড়িত বলে মন্তব্য করেন তিনি।
বিদ্রোহের ঘটনায় দুই ভাবে বিচার চলছে। পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে, বিশেষ আদালতে। সে মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ জানান। তিনি বলেন, এতে আসামির সংখ্যা হতে পারে ৯০০ জন।
অন্যদিকে বিদ্রোহের বিচার বিডিআর আদালতে ইতিমধ্যে শুরু হয়েছে। বিডিআর আইনে সে বিচারে অপরাধীর সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
রক্তাক্ত বিদ্রোহের পর বিডিআরে সংস্কার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনসহ আইনেও পরিবর্তন আনা হচ্ছে।
বিডিআরে অনেক সমস্যা দীর্ঘদিন ধরে জমে ছিলো বলে বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম স
bdnews24