ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক ইন্ধনের কোনো প্রমাণ এ পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আব্দুল কাহহার আকন্দ।
তবে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেউ ব্যক্তিগতভাবে এতে জড়িত বলে মন্তব্য করেন তিনি।
কাহহার আকন্দ বলেন, "রাজনৈতিক কোনো ইন্ধনের প্রমাণ তদন্তে পাওয়া না গেলেও বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।"
বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার কাহহার জানান, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে প্রায় ৯০০ জনকে আসামি করা হতে পারে।
এখন পর্যন্ত তদন্তে ক্ষোভ ও অসন্তোষকে বিদ্রোহের কারণ হিসেবে পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, "আসামিরা আইনের ফাঁক গলে যেন বের হয়ে যেতে না পারে সেজন্য সুক্ষ্মভাবে যাচাই বাছাই বিশ্লেষণ করে দ্রুত মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। প্রায় দু'শ সিআইডি সদস্য এজন্য দিনরাত কাজ করছেন।"
প্রধান দুই দলের দুই নেতাকে এ মামলায় গ্রেপ্তার করা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, "বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলী বিডিআর সদস্যদের অসন্তোষের কথা বিদ্রোহের আগে থেকে জানতেন।"
তিনি জানান, এ পর্যন্ত ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা কিছুটা হেরফের হতে পারে।
এ মামলায় ২২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২১৬৯ জন বিডিআর সদস্য বাকিরা বাইরের। গ্রেপ্তারকৃদদের মধ্যে ৫২৩ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
এছাড়া বিডিআর, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সংবাদকর্মী, দমকল বাহিনীর সদস্য, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ ৭৯৭৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩৭০০টি আলামত জব্দ করা হয়েছে।
এখন পর্যন্ত ৪/৫জন মন্ত্রীকেও এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান কাহহার।
বিডিআর বিদ্রোহে এবং হত্যাকান্ডে মোট ৩৭০০টি অস্ত্র ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত ৬৪টি পিস্তল, ৫টি রাইফেল, ১টি এসএমজি এবং ১৯৯টি গ্রেনেড উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে সিআইডি'র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ মামলায় ৫২৩ জন আসামি এবং ৯জন স্বাক্ষী হিসাবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে রিমান্ডে রয়েছে ১৫জন। এদের মধ্যে ১৪জন বিডিআর সদস্য।
মোট ৬৪৩৫ জন বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মধ্যে ২১৯৩ জনের জবানবন্দি গ্রহণ করেছে সিআইডি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৬ সেনা কর্মকর্তা, ১জন সেনা সৈনিক, শাকিল আহমেদের স্ত্রী, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬জন এবং বিডিআর'এ কর্মরত সহকারী পরিচালক, উপসহকারী পরিচালকসহ ১০জন নিহত হওয়ার তালিকা সিআইডি সদর দপ্তরে টানানো রয়েছে।
বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এএল/এমআই/১৯৩২ ঘ.
bdnews24