গাজীপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে উস্কানিদাতারা রেহাই পাবে না- জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে।
গাজীপুর সদরের নাওজোর এলাকায় বাসন ইউনিয়নে বুধবার সকালে প্রধানমন্ত্রী বলেন, "পিলখানা হত্যাকাণ্ডে সঙ্গে যুক্ত প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। উস্কানিদাতাদেরও খুঁজে বের করা হবে।"
নাওজোর পয়েন্টে ফলক উন্মোচন করে ঢাকা বাইপাস মহাসড়ক আনুষ্ঠানিক উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।
বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "চালের দাম ৪৫ টাকা থেকে ১৮ টাকায় নামিয়ে এনেছিলাম।"
পরে কৃষকদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে চালের দাম ২২ টাকা করা হয়েছে জানান প্রধানমন্ত্রী।
তিনি কৃষকদের ভর্তুকি দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
বাইপাস মহাসড়কের উন্নয়ন ও পুনর্বাসন ব্যয়সহ মোট ব্যয় হয় ৩৪৩.৬৮ কোটি টাকা।
১৯৯৮ সালে মহাড়কের কাজ শুরু হয়।
মহাসড়কটি চালু হলে ঢাকার যানজট এড়িয়ে উত্তরবঙ্গের সঙ্গে পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ সহজ হবে।
গাজীপুরে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবদুর রব জানান, গাজীপুরের নাওজোর থেকে শুরু হওয়া ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যরে ও সাত দশমিক ৩০ মিটার প্রস্থের দুই লেনের ঢাকা বাইপাস মহাসড়কটি নারায়ণগঞ্জ জেলার মদনপুরে গিয়ে শেষ হয়েছে।
মহাসড়ক উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সংসদ সদস্য রহমত আলী, অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির গাজীপুর জেলা সভাপতি আব্দুস সাত্তার মিয়া, জেলা মহিলা লীগের সভাপতি দিলরুবা ফাইজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৬২০ ঘ.
bdnews24