ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বুধবার ৮৪ বিডিআর সদস্যকে আদালতে হাজির করার পর তাদের কাছে অভিযোগের অনুলিপি দিয়ে শুনানি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত।
পিলখানায় সদর দপ্তরে বিশেষ আদালত-৫ এ এদিন ছিলো শুনানির দ্বিতীয় দিন। ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার মঙ্গলবার শুরু হয়।
বুধবার সকাল পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শুনানি চলে। আদালতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
এ মামলায় ৮৬ আসামিদের মধ্যে দুজন পলাতক। তারা হলেন- সিপাহি সহকারী মাকসুদুর রহমান ও সিপাহি নূরুল আলম।
৮৩ আসামিকে কারাগার থেকে আদালতে আনায় হয়, হাসপাতালে চিকিৎসধীন একজনকে আনা হয় অ্যাম্বুলেন্সে করে।
আসামিদের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার জন্য আদালত সব আসামির কাছে তাদের বিরুদ্ধে আনা বিদ্রোহের অভিযোগের অনুলিপি দেওয়ার নির্দেশ দেয়।
আদালত জানায়, আসামিরা আইনি পরামর্শের জন্য বিডিআরের কোনো কর্মকর্তার দ্বারস্ত হতে পারবেন। তা না হলে তারা আইনজীবীও পছন্দ করতে পারবেন। তবে আইনজীবী বা তাদের মনোনীত বিডিআর কর্মকর্তা আদালতে কোনো বক্তব্য রাখতে পারবেন না, পরামর্শ দেওয়ার মধ্যেই তাদের সহযোহিতা সীমাবদ্ধ থাকবে। যা কিছু বলতে হয়, তা আসামিদেরই বলতে হবে।
পলাতক দুই আসামির বিরুদ্ধে শুনানির প্রথম দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদালত বুধবার জানায়, তাদের গ্রেপ্তার করা না গেলে ১৫ দিন পর জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। এতেও তারা ধরা না দিলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।
বিডিআর মহাপরিচালক নেতৃত্বাধীন আদালতে বিচারক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন মাহমুদ উল্লাহ কিসলু।
বিশেষ প্রসিকিউটর হিসেবে ছিলেন মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, মঞ্জুর আলম মঞ্জু ও মঞ্জুর মোহাম্মদ শাহনাজ টিপু। প্রসিকিউটার হিসাবে দায়িত্ব পালন করেন মেজর মতিউর রহমান।
মামলার বাদি নায়েক সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর আদালত তা আমলে নেয়।
এক বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে স্থানটি থেকে রক্তক্ষয়ী বিদ্রোহের সূত্রপাত হয়েছিলো, ঠিক এক বছর পর সেই দরবার হলেই ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার শুরু হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়।
বিদ্রোহের বিচার বিডিআর আইনে হচ্ছে, যার সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১২১৫ ঘ.
bdnews24