ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিডিআর আদালত। একইসঙ্গে মামলার আসামি সদর দপ্তরে কর্মরত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ জনকেও বিদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাতেও নির্দেশ দিয়েছে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম নেতৃত্বাধীন ওই আদালত।
পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহীদের মামলার প্রথম দিনের শুনানিতে মঙ্গলবার অভিযোগ আমলে নেওয়ার পর শুনানি বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এক বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে স্থানটি থেকে রক্তক্ষয়ী বিদ্রোহের সূত্রপাত হয়েছিলো, ঠিক এক বছর পর সেই দরবার হলেই দুপুর ১২টায় শুরু হয় ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার।
বিশেষ আদালত-৫ এ দুপুর ২টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।
আদালতের কার্যক্রমের শুরুতেই মামলার বাদি নায়েব সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। বর্তমানে তিনি ঢাকা সেক্টরের সদর দপ্তরের ভারপ্রাপ্ত সুবেদার মেজর হিসাবে দায়িত্ব পালন করছেন। বিদ্রোহের সময় তিনি পিলখানায় ছিলেন।
এ মামলায় মোট ৮৬জন অভিযুক্ত, এর মধ্যে দুইজন পলাতক এবং ১৯ জন পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন বলে মঞ্জুর আলম সাংবাদিকদের জানান। অপর ৬৫ জনের মধ্যে সিপাহি মো. নাসির উদ্দিন বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাদি তার অভিযোগে বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি সিপাহি মইনুদ্দীন প্রথমে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে অস্ত্র তাক করলে উপস্থিত কর্মকর্তারা তাকে নিরস্ত্র করে। ওই সময় আসামিদের মধ্যে ৪০ জন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্য ৪৬ জন সেখানে থাকলেও বিশৃঙ্খলা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি।
আদালতে বিচারক প্যানেলের অপর দুজন হলেন- লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান তাপস।
এ আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আছেন মাহমুদ উল্লাহ কিসলু। বিশেষ প্রসিকিউটর হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, মঞ্জুর আলম মঞ্জু, মঞ্জুর মোহাম্মদ শাহনাজ টিপু। প্রসিকিউটার হিসাবে দায়িত্ব পালন করছেন মেজর মতিউর রহমান।
আদালত মুলতবি করার পর ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, "গত বছরের এই ঘটনা ছিল ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনা। বিডিআরের অধিকাংশ সদস্য চায় এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।"
প্রসিকিউটর মেজর মতিউর রহমান বলেন, বিডিআর সদস্যরা আদেশ অমান্য করেছে, দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, তথ্য গোপন করেছে। আর এ জন্য বাংলাদেশ রাইফেল অর্ডার ১৯৭২ এর আর্টিক্যাল ১০ এ (১) এর আওতায় অভিযোগ আনা হয়েছে।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে।
বিদ্রোহের বিচারকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে।
বিদ্রোহের প্রথম দফায় পিলখানায় অবস্থিত ঢাকা সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত বিদ্রোহের বিচার এই আদালতে সম্পন্ন হবে। দেশের কয়েকটি স্থানে বিদ্রোহের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে।
বিডিআর আইনে চলমান এ বিচারে আসামিদের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিলসহ ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। মে মাসের প্রথম সপ্তাহে ওই মামলার রায় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24