২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তাক্ত দরবার হলে বসেছে আদালত

এক বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে স্থানটি থেকে রক্তক্ষয়ী বিদ্রোহের সূত্রপাত হয়েছিলো, সেই দরবার হলেই মঙ্গলবার শুরু হয়েছে ঢাকার বিদ্রোহীদের বিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:48 AM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে স্থানটি থেকে রক্তক্ষয়ী বিদ্রোহের সূত্রপাত হয়েছিলো, সেই দরবার হলেই মঙ্গলবার শুরু হয়েছে ঢাকার বিদ্রোহীদের বিচার। বিদ্রোহীদের বিচারে বিশেষ আদালত-৫ এর কার্যক্রম দুপুর ১২টায় শুরু হয়েছে। আদালতে নেতৃত্ব দিচ্ছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিচারক প্যানেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান তাপস। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ কিসলু। বিশেষ প্রসিকিউটর হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, মঞ্জুর আলম মঞ্জু, মঞ্জুর মোহাম্মদ শাহনাজ টিপু। আদালতের কার্যক্রমের শুরুতেই মামলার বাদি ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো. শাহ আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এ মামলায় মোট ৮৬ জওয়ান অভিযুক্ত, এর মধ্যে দুইজন পলাতক এবং ১৯ জন পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে মঞ্জুর আলম সাংবাদিকদের জানান। অপর আসামিরা বিডিআর সদর দপ্তরে রয়েছেন। বাদি তার অভিযোগে বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি সিপাহি মইনুদ্দীন প্রথমে তৎকালীন বিডিআর মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করলে উপস্থিত কর্মকর্তারা তাকে নিরস্ত্র করে। ওই সময় আসামিদের মধ্যে ৪০ জন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অন্য ৪৬জন সেখানে থাকলেও বিশৃঙ্খলা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি। পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধের তদন্ত করছে। বিচার শুরুর দিন আসামিদের আদালতে হাজির করা না-ও হতে পালে বলে জানিয়েছেন শাহনাজ টিপু। যদিও আদালতের পাশে একটি প্রিজন ভ্যান তৈরি রাখা হয়েছে। শাহনাজ টিপু সাংবাদিকদের বলেন, "আজ (মঙ্গলবার) আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হবে।" তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদ্রোহ প্রতিরোধের চেষ্টা করেননি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু জানাননি। বিদ্রোহের বিচারকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে। বিদ্রোহের প্রথম দফায় পিলখানায় অবস্থিত ঢাকা সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত বিদ্রোহের বিচার এই আদালতে সম্পন্ন হবে। দেশের কয়েকটি স্থানে বিদ্রোহের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। বিডিআর আইনে চলমান এ বিচারে আসামিদের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। মে মাসের প্রথম সপ্তাহে ওই মামলার রায় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২১২ ঘ.