২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে 'বিদ্রোহী' জওয়ানের মৃত্যু

বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার এক বিডিআর সদস্য মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 08:24 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার এক বিডিআর সদস্য মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন। মৃত নায়েক সুবেদার গোলাম মোস্তফা (৪৭) ৫ নম্বর রাইফেলস ব্যাটালিয়ন ও বিডিআর সদর দপ্তরের ক্রীড়া উইংসের সদস্য ছিলেন। তিনি যশোরের ঝিকরগাছা থানার বাইশা গ্রামের মোকসেদ আলীর ছেলে। বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তারের পর তাকে ২০০৯ সালের ৫ এপ্রিল ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ২৬ জুন তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। কাশিমপুরের কারারক্ষক (জেলার) মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারের ২ নম্বর ভবনের ১৭ নম্বর ওয়ার্ডের বন্দি মোস্তফাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, বন্দি মারা গেছেন। গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তপন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তফাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিলো। মৃত্যুর কারণ কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, "ময়না তদন্তের আগে এর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।" গত বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের মামলায় সাড়ে তিন হাজার জওয়ানের বিচার চলছে। গ্রেপ্তার জওয়ানদের ওপর নির্যাতন চলছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। এর আগেও কারা হেফাজতে কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। কাশিমপুরের কারা কর্মকর্তা ফরমান বলেন, "মঙ্গলবার রাতে মোস্তফা এশার নামাজের পর খাবার সেরে যথারীতি ঘুমিয়ে পড়েন। প্রতিদিন রাত ৩টার দিকে উঠে তিনি ওই কক্ষের অন্য বন্দিদের ফজর নামাজের জন্য ডেকে তুলতেন। কিন্তু গতরাতে তার ঘুম না ভাঙায় ওয়ার্ডের প্রহরার দায়িত্বে থাকা কয়েদি কানা রনি তাকে তুলতে যান। মোস্তফার কোনো সাড়া না দেখে রনি অন্য বন্দিদের এ বিষয়টি জানায়।" মোস্তফাকে প্রথমে কারা হাসপাতালে এবং সেখান থেকে পরে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয় বলে কারারক্ষক জানান। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে রয়েছে। এর পর মৃতের আত্মীয়-স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে কারা কর্মকর্তা ফরমান আলী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.