২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের প্রথম রায় ২ মে রাঙামাটিতে

বিডিআর বিদ্রোহের বিচারের প্রথম রায় হবে আগামী ২ মে রাঙামাটির আদালতে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 07:40 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচারের প্রথম রায় হবে আগামী ২ মে রাঙামাটির আদালতে। বিদ্রোহের বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-৪ মঙ্গলবার দুপুর ১টায় একটি মামলার যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ঠিক করেছে। এ মামলায় নয় জওয়ান আসামি, গত সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপরাধ প্রমাণিত হলে বিডিআর আইনে তাদের সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে। অভিযুক্ত জওয়ানরা ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল করিম সাংবাদিকদের জানান, লঙগদু-রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের ৯ আসামির বিরুদ্ধে শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছে আদালত। আসামিরা হলেন- হাবিলদার মো, সামসুল হক, মো. সোহরাব হোসেন ও মো. সিব্বির আহমেদ, সিপাহী আবুল কালাম আজাদ, মো. সাখাওয়াত হোসেন, মো. রাসেল কবির ও মো. জাহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল এবং সিগনালম্যান মো. আব্দুর রহমান। বিশেষ আদালত-৪ এ বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিডিআর কর্মরতা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও অ্যাডভোকেট মহিউদ্দীন দেওয়ান। এছাড়া আসামিদের সহায়তা দিতে ছিলেন (ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড) বিডিআরের কর্মকর্তা মেজর এনামুল করিম। রাজধানীর বিডিআর সদরদপ্তরে গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। গত ২৪ নভেম্বর রাজনগরের নয়জনের বিচারের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। একই আদালত রাজনগরের নয় বিদ্রোহীদের মামলার রায়ের তারিখ ঠিক করার পর বিশেষ আদালত-৪ মারিশ্যার ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন জওয়ানের বিরুদ্ধে মামলায় বাদিপক্ষের বক্তব্য শোনে। দুপুর দেড়টায় মামলার বাদি নায়েক সুবেদার মো. রেজাউর রহমান সাক্ষ্য দেন। এ সময় তাকে জেরা করেন ১৪ আসামি। বিকাল পৌনে ৫টা পর্ষন্ত বিচার কাজ চলে। এরপর আদালত বুধবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। এ মামলায় আসামীদের মধ্যে ৩ জন সুবেদার, ৫জন নায়েব সুবেদার ১২ জন হাবিলদার ৯জন নায়েক ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহী রয়েছেন। ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড ছাড়াও আসামিদের নিয়োগ করা আইনজীবি অ্যাডভোকেট এস এম আবদুর রউফ ও কাজী বশির আহমেদ উপস্থিত ছিলেন। গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচার শুরু হয়। বিদ্রোহের বিচার বিডিআর আইনে হলেও পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/২১১৬ ঘ.