২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিশ্যার ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 04:20 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪ এ সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর মঙ্গলবার দুপুর ১টা পর্ষন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় আদালতের কাজ শুরু হয়। তিন দফা বিরতি দিয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিচার কাজ চলে। বিচার কাজের শুরুতে মামলার প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান ৭৫ আসামির বিরুদ্ধে একে একে লিখিত অভিযোগ পড়ে শোনান। আদালত এসব অভিযোগের বিষয়ে আসামিদের মতামত জানতে চায়। আসামিরা তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গত ২৬ ফেব্র"য়ারি অভিযুক্তরা সবাই একাত্মতা প্রকাশ করেন। এ সময় তারা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উদ্ধত্য আচারণ, বিভিন্ন রকম গুজব রটানো, বেতার যন্ত্রে ইউনিট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করেন। এছাড়া তারা বেআইনিভাবে ব্যাটালিয়নের জওয়ানদের বিভিন্ন আদেশ-নির্দেশ দেন এবং অধিনায়কের নির্দেশ উপেক্ষা করেন। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিভিন্ন দিকে অবস্থান নেন। বিচার কাজ চলার সময় আসামি ল্যান্স নায়েক হেদায়দুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে আদালত তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে তাকে আবার আদালতে হাজির করা হয়। আদালত অসুস্থ এই আসামির জন্য পরবর্তী কার্যদিবসে আলাদাভাবে আসনের ব্যবস্থা করতে প্রসিকিউটরকে নির্দেশ দেয়। আসামিদের মধ্যে ২২ জন দুজন আইনজীবী নিয়োগ করেন। বাকি ৫৩ জন ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজডকে (বিডিআর কর্মকর্তা) বাদ দিয়ে আইনজীবী নিয়োগের প্রার্থনা জানালে আদালতের সভাপতি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি আসামিদের উদ্দেশ্য করে বলেন একটি সুশৃঙ্খলবাহিনীর মধ্যে বিশৃংখলা সৃষ্টির কারণে যে বিচার কাজ শুরু হয়েছে তাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কোন অবকাশ নেই। এ বিষয়টি আপনাদের অবশ্যই মনে রাখাতে হবে। বিশেষ আদালত-৪ এর কাজ পরিচালনা করেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিডিআর কর্মরতা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও অ্যাডভোকেট মহিউদ্দীন দেওয়ান। এছাড়া আসামিদের আইনি সহায়তা দিতে (ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড) বিডিআরের কর্মকর্তা মেজর এনামুল করিম এবং আসামিদের নিয়োগ করা আইনজীবি অ্যাডভোটে এস এম আবদুর রউফ ও কাজী বশির আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই আদালতে লংগদু উপজেলার রাজনগরের ১২ রাইফেলস ব্যাটালিয়নের নয় জওয়ানের মুলতবি বিচার শুরু হবে। মামলার বাদি ও বিবাদি পক্ষ আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। রাঙামাটির তবলছড়ির বিডিআর সেক্টর সদরদপ্তরে রাজনগরের ১২ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারের মধ্য দিয়ে গত ২৪ নভেম্বর এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। গত ৩০ ডিসেম্বর বিশেষ আদালত-৪ এ মারিশ্যা ৯ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হয়। পরদিন শুনানি শেষে ১৫ ফেব্র"য়ারি পর্ষন্ত মুলতবি করা হয় আদালত। রাজধানীর বিডিআর সদরদপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের ঘটনায় ঢাকায় দুটিসহ সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এর মধ্যে রাঙামাটি, ফেনী ও সাতক্ষীরার বিশেষ আদালতে বিদ্রোহে একাত্মতা প্রকাশকারী বিডিআর সদস্যদের বিচার চলছে। পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.