২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু বুধবার

বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ২৫ জন বিডিআর সদস্যের বিচার শুরু হবে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 10:50 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে ২৫ জন বিডিআর সদস্যের বিচার শুরু হবে বুধবার। ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-২ এ বিচার চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান মঙ্গলবার একথা জানান। তিনি বলেন, "বুধবার সকাল ১০টায় বিচার কাজ শুরু হবে। আদালতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।" ব্যাটালিয়নের চার জন জুনিয়র কমান্ডিং অফিসারসহ (জেসিও) গ্রেপ্তার ২৫ জন বর্তমান ঠাকুরগাঁও কারাগারে আটক রয়েছেন। গ্রেপ্তার চার জেসিও'র মধ্যে রয়েছেন একজন সুবেদার মেজর, একজন সুবেদার ও দুইজন নায়েব সুবেদার। বাকিদের মধ্যে নন কমিশন্ড অফিসার ১২ জন, সিপাহী সাতজন ও অন্যান্য দুইজন। ঠাকুরগাঁও থানার সে সময়ের ওসি সোহরাব আলী বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বিগ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিনভর ফাঁকা গুলি ছোঁড়ে, ক্যাম্পের সামনের রাস্তায় অস্ত্র ও গ্রেনেড নিয়ে মহড়া ও মহাসড়ক অবরোধ করে। এর আগে গত ২৪ জানুয়ারি ফেনীতে ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ৫৮ জন তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। সারাদেশে বিদ্রোহের মামলাগুলো চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৬৪২ ঘ.