ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের দুটি মামলার কার্যক্রম মূলতবি করা হয়েছে।
পিলখানা সদর দপ্তরের রেকর্ড উইংয়ের মামলা ২ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মূলতবি হয়েছে। পরিদপ্তরসমুহ ও আরএসবির মামলাটি ১২ ফেব্র"য়ারি সকাল ৯টা পর্যন্ত মূলতবি হয়েছে।
আগের দুদিনের মতো বুধবারও বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে ।
সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এবং দেড়টা পর্যন্ত ১৩ রাইফেল ব্যাটেলিয়ন কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-৯-এর কার্যক্রম চলে।
মঙ্গলবার বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জনের বিরুদ্ধে দায়ের মামলায় আরো পাঁজজন সাক্ষ্য দিয়েছেন।
অন্যদিকে রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে দায়ের মামলার প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।
পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোটর্স বোর্ড
বুধবার সকালে নায়েক সহকারী জহিরুল হকের অসমাপ্ত জেরা শুরুর মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। তাকে ৪ জন অভিযুক্ত বিডিআর সদস্য জেরা করেন।
এরপর ব্যাটম্যান (অফিসারদের কাজের লোক) আহাদুজ্জামান দু'জন, মেজর রওশন ফিরোজ একজন, ল্যান্সনায়েক সহকারি আবদুল মতিন চারজন, সিপাহী মুজাহিদুল ইসলাম ছয়জন ও হাবিলদার আবদুল জলিল পাঁচজন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন।
হাবিলদার জলিল ছাড়া অন্য সাক্ষীদের জেরা শেষ করেছেন আসামিরা। জলিলের জেরা পরবর্তী তারিখে হবে।
এই মামলায় এ নিয়ে মোট নয়জন সাক্ষ্য দিলেন।
বুধবার আদালতে তৌহিদুর রহমান নামের একজন সিপাহী (বক্সার) জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে আদালত তাকে বিডিআর হাসপাতালে চিকিৎসা দেওয়ার আদেশ দিলে স্ট্রেচারে করে তাকে কাঠগড়া থেকে নিয়ে যাওয়া হয়।
আদালতে একজন আসামি অভিযোগ করেন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দিতেও কারা কর্তৃপক্ষ অনীহা জানাচ্ছে। রাত ৩টায় ঘুম থেকে তুলে সামান্য ডাল-ভাত দিচ্ছেন যা প্রায় অখাদ্য। এরপর সারাদিন উপোস থাকতে হয়। ফলে তারা অসুস্থ হয়ে পড়ছেন।
এসব বিষয়ে কারা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে প্রসিকিউটরকে নির্দেশ দেয় আদালত।
আদালতপ্রধান হিসেবে ছিলেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এএফএম কাওসার।
এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সেদিনই আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম।
পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট।
অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন।
রেকর্ডিং উইং
অভিযুক্তদের দেওয়া জবানবন্দি ও সাফাই সাক্ষীদের বক্তব্য খণ্ডন করছেন মামলার প্রসিকিউটর।
প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান প্রত্যেক আসামির বক্তব্য খণ্ডন করেন। এ সময় ভিডিও ও স্থির চিত্রের সহযোগিতা নেওয়া হয়।
দুপুর দেড়টা পর্যন্ত তিনি মোট ৬৭ জন অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগের দিন ২৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উত্থাপন করেছেন। বাকি ২১ জনের বিরুদ্ধে পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
আদালত আসামিদের জানায়, আসামিদের কেউ চাইলে প্রসিকিউটরের বক্তব্য শেষ হওয়ার পর বক্তব্য দিতে পারবে।
এর আগে সোমবার এই মামলার সাফাই সাক্ষীগ্রহণ শেষ হয়। ১১১ জনের মধ্যে মাত্র তিনজন তাদের পক্ষে সাফাই সাক্ষী হাজির করেন।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নির্দোষ দাবি করেন।
১২ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। এ পর্যন্ত মোট ৪৮ জন সাক্ষ্য দিয়েছেন। তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
রেকর্ডিং উইংয়ের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা উল্লেখযোগ্য।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, জয়পুরহাটসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কয়েকজন বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24