২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহ: ২ মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক

পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলা সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলা সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে মঙ্গলবার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এবং ১৩ রাইফেল ব্যাটেলিয়ন কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-৯ এর কার্যক্রম চলে। বুধবার সকালে উভয় আদালতে বিচার কাজ আবার শুরু হবে। মঙ্গলবার বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জনের বিরুদ্ধে দায়ের মামলায় আরো দুজন সাক্ষ্য দিয়েছেন। সোমবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অন্যদিকে রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে দায়ের মামলার প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোটর্স বোর্ড মঙ্গলবার সকালে হাবিলদার সহকারী আবুল কালামের অসমাপ্ত জেরা শুরুর মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। তাকে ১০ জন অভিযুক্ত বিডিআর সদস্য জেরা করেন। এরপরে ল্যান্স নায়েক খসরু আলম ১৫ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এরা তাকে জেরাও করেছেন। পরে নায়েক সহকারী জহুরুল হক চারজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এরা বুধবার তাকে জেরা করবেন। এই মামলায় এ নিয়ে চারজনের সাক্ষ্যগ্রহণ হলো। এর আগে বাদী নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম ও হাবিলদার সহকারী আবুল কালাম সাক্ষ্য দিয়েছেন। আদালতপ্রধান হিসেবে ছিলেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এএফএম কাওসার। এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সেদিনই আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন। গত ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। রেকর্ডিং উইং অভিযুক্তদের দেওয়া জবানবন্দি ও সাফাই সাক্ষীদের বক্তব্য খণ্ডন শুরু করেছেন মামলার প্রসিকিউটর। প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্ণেল মিজানুর রহমান প্রত্যেক আসামির বক্তব্য ধরে ধরে যুক্তি দিয়ে তা খণ্ডন করেন। এ সময় ভিডিও ও স্থির চিত্রের সহযোগিতা নেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত তিনি মোট ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই প্রক্রিয়া আগামীকালও চলবে। এর আগে সোমবার এই মামলার সাফাই সাক্ষীগ্রহণ শেষ হয়। ১১১ জনের মধ্যে মাত্র তিনজন তাদের পক্ষে সাফাই সাক্ষী হাজির করেন। আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নির্দোষ দাবি করেন। রেকর্ডিং উইংয়ের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা উল্লেখযোগ্য। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, জয়পুরহাটসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কয়েকজন বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৫৫ ঘ.