সিলেট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর সদরদপ্তরের অভিযুক্ত ৬১ জওয়ানের মধ্যে ২৮ জন দোষ স্বীকার করেছেন। বাকি ৩৩ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
সোমবার ২১ ব্যাটালিয়ন দপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
সকাল ৮টা ৪০ মিনিটে বিচার কার্যক্রম শুরু হয়ে তিন দফায় সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চলে। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
মামলার প্রসিকিউটর মেজর এ কে এম আওরঙ্গজেব নির্দোষ দাবিদার ৩৩ জওয়ানের বিরুদ্ধে সাক্ষীদের আদালতে উপস্থাপন করেন।
এছাড়া গত বছরের ২৫ ফেব্র"য়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) (সাবেক বিডিআর) সিলেট সদরদপ্তরে সংগঠিত বিদ্রোহের ভিডিও ফুটেজও উপস্থাপন করা হয়।
সোমবার মামলার বাদী সুবেদার আব্দুল গনী, কর্নেল আফজালুর রহমান, মেজর মোস্তফা কামাল ও বিজিবি'র সহকারী পরিচালক মকসুদ আলী সাক্ষ্য দেন।
সকাল সোয়া ৮টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অভিযুক্ত জওয়ানদের আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন বিজিবি সদরদপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এসএম ফরহাদ।
বিচার প্যানেলের অপর দুই সদস্য ছিলেন লেফটেনেন্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম।
বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
গত ২০ অক্টোবর অভিযুক্ত ৬১ জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষে ২৭ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24