২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় দুই মামলার বিচার মঙ্গলবার পর্যন্ত মুলতবি

পিলখানার বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ হয়েছে সোমবার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ হয়েছে সোমবার। এজন্য সকাল ৯টায় থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এবং ১৩ রাইফেল ব্যাটেলিয়ন কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-৯ এ কার্যক্রম চলে। মঙ্গলবার সকালে উভয় আদালতে বিচার কাজ আবার শুরু হবে। সোমবার বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে দায়ের মামলার সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক শুরু হবে। পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোটর্স বোর্ড: বাদি নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলমের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সোমবার মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। তিনি বিদ্রোহের প্রত্যক্ষদর্শী হিসাবে ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এদিন তারা তাকে জেরাও করেছেন। খোরশেদ আলম তাদের বিরুদ্ধে বিদ্রোহের দিন মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, অধীনস্থদের নিয়ন্ত্রণ না করা, বিদ্রোহে উস্কানি দান ইত্যাদি অভিযোগ আনেন। এছাড়া তদন্ত আদালতের দেওয়া তথ্য-প্রমাণ এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে তিনি ৩৩৭ জনের বিরুদ্ধেও অভিযোগ আনেন। খোরশেদ আলমকে জেরা শেষে হাবিলদার সহকারী আবুল কালাম ১০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তারা মঙ্গলবার তাকে জেরা করবেন। দুপুর দেড়টায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আদালতপ্রধান হিসেবে ছিলেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এএফএম কাওসার। এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সেদিনই আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। রেকর্ডিং উইং: সোমবার সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের সাফাই সাক্ষীগ্রহণ শেষ হয়েছে। এদিন মামলার ১১১ আসামির মধ্যে তিনজন তাদের পক্ষে সাফাই সাক্ষী হাজির করেন। নায়েক সহকারী মোহাম্মদ আলীর পক্ষে স্ত্রী মোছা. শিল্পী আক্তার ও ল্যান্স নায়েক সহকারী মো. এমদাদুল হকের পক্ষে স্ত্রী মোছা. তাসরিফা সুলতানা শিউলী সাফাই সাক্ষী দেন। তারা উভয়েই দাবি করেন, ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি বিদ্রোহ শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত তাদের স্বামীরা তাদের সঙ্গে বাসায় ছিলেন; বের হননি। সিপাহী সহকারী মো. আব্দুল কাদেরের পক্ষে সাক্ষ্য দেন তার বাড়িওয়ালা মো. আব্দুল কাদের। তিনি বলেন, ২৫ ফেব্র"য়ারি সকাল সাড়ে ৯টার দিকে কাদেরকে তিনি দৌঁড়ে বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে দেখেন। পরবর্তী দুইদিন কাদের বাড়িতেই ছিলেন। সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তাদেরকে জেরা করেন মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান। সাফাই সাক্ষী হিসেবে আরো কয়েকজনের নাম দেওয়া হলেও এদিন তাদেরকে আদালতে হাজির করতে পারেননি অভিযুক্তরা। একজন আসামি আদালতে বলেন, "আমি যাদের সাফাই সাক্ষী হিসাবে আনতে চেয়েছিলান, তারা আসতে রাজি হয়নি। সেক্ষেত্রে তদন্ত আদালতে দেওয়া তাদের সাক্ষ্য আদালতে হাজিরের আবেদন জানাচ্ছি।" আদালত তার এ আবেদন মঞ্জুর করে। মঙ্গলবার এ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। সোমবার মামলার ১১০ আসামি আদালতে লিখিত জবানবন্দি ও যুক্তি জমা দিয়েছেন। অপরজন তা জমা দেবেন মঙ্গলবার। আদালত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নির্দোষ দাবি করেন। রেকর্ডিং উইংয়ের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা উল্লেখযোগ্য। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, জয়পুরহাটসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৬০৫ ঘ.