২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় দুই মামলার বিচার চলছে

পিলখানার বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 04:30 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদস্যদের বিরুদ্ধে দায়ের দুই মামলায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ হচ্ছে সোমবার। এজন্য সকাল ৯টায় পিলখানার দরবার হলে ও ১৩ রাইফেল ব্যাটেলিয়ন কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত বসেছে। দরবার হলের বিশেষ আদালতে বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ডের (আরএসবি) ৩৩৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার এবং ১৩ রাইফেল ব্যাটেলিয়ন কার্যালয়ের আদালতে রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে দায়ের মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোটর্স বোর্ড: এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে। আদালতপ্রধান হিসেবে আছেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এ এফ এম কাওসার। অভিযোগ গঠনের দিনই আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন। এর আগে ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। রেকর্ডিং উইং: সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ আসামির বিরুদ্ধে দায়ের মামলার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে সোমবার। এর আগে মামলার ৪৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নির্দোষ দাবি করেন। রেকর্ডিং উইংয়ের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা উল্লেখযোগ্য। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, জয়পুরহাটসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১০২৫ ঘ.