ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে করা মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
কারাগার থেকে আসামিদের হাজির না করায় শুনানি মুলতবি করা হয়। আসামিদের অনুপস্থিতিতেই শনিবার শুনানির নির্ধারিত দিনে আদালত কিছুক্ষণের জন্য বসে। এরপর পরদিন সকাল ৯টা পর্যন্ত মুলতবি আদেশ দিয়ে আদালতের কার্যক্রম শেষ হয়।
এ মামলার ৩৩৭ জনের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত'এ এই মামলার অভিযোগ গঠনের পর ওই দিনই আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
৩৩৭ জনের মধ্যে দুই আসামি হাবিলদার (ড্রাফটসম্যান) পরিতোষ চক্রবর্তী ও নায়েক আবুল কালাম আজাদ দোষ স্বীকার করেন।
আসামি নায়েব সুবেদার মোজাফফর হোসেন সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়ায় নিজে দোষী না নির্দোষ তা বলার সুযোগ পাননি।
কর্নেল খন্দকার ওবায়দুল আহসানের নেতৃত্বে এ আদালতে বিচারকের দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এ এফ এম কাওসার।
গত ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. খোরশেদ আলম।
পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট।
অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের মামলা বিডিআর আদালতে চলছে। তবে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24