২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে রায় ১৩ জানুয়ারি

খাগড়াছড়ির ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ১৩ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ১৩ জানুয়ারি। ব্যাটালিয়নের ৪৭ জওয়ানের বিচার কাজ চলছে ১৫ নম্বর বিশেষ আদালতে। জেলার মাটিরাঙ্গার খেদাছড়ায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত বৃহস্পতিবার আসামি ও বাদিপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায়ের দিন ধার্য করে। সকাল ১০টায় বিচার কাজ শুরুর পর মামলার প্রসিকিউটর ২৯ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেফতাউল করিম সাক্ষীদের জবানবন্দি এবং আসামিদের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য উপস্থাপন করেন। যে চার আসামি দোষ স্বীকার করে অনুকম্পা প্রার্থনা করেছেন তাদের বিশেষ বিবেচনায এবং যারা নিজেদের নির্দোষ দাবি করেছেন তাদের যথাযথ শাস্তির আবেদন জানান প্রসিকিউটর। এরপর ১৫ মিনিট বিরতি দিয়ে আদালতের কাজ শুরু হলে আসামিদের মধ্যে চারজন মৌখিক বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে দোষ স্বীকার করা আসামিরা মামলা থেকে অব্যাহতি ও চাকরিতে পুনর্বহালের আবেদন জানান। যুক্তিতর্ক শোনার পর আদালত রায়ের দিন ধার্য্য করে আগামী বছর ১৩ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্র্ণেল মো. জাহেদুর রহমান। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল-মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। গত বছরের ২৬ ফেব্র"য়ারি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গত ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.