২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: কুষ্টিয়ায় রায় ঘোষণা ২ ফেব্র"য়ারি

বিদ্রোহের মামলায় কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ২ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ২ ফেব্র"য়ারি। বিদ্রোহের বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-১৭ এর সভাপতি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার বৃহস্পতিবার রায়ের এ দিন ধার্য করেন। সকাল সাড়ে ৮টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত শুরু হয়। সাড়ে ১০টা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২ ফেব্র"য়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সকালে মামলার প্রসিকিউটর ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আইনুল জামাল যুক্তিতর্ক শুনানিতে অংশ নেন। মামলায় ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। বুধবার ৪০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর ১২ জন তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বাকি ২৮ জন নিজেদের নির্দোষ দাবি করেন। সকাল ৮টায় পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগার থেকে জওয়ানদের আদালতে আনা হয়। বিশেষ আদালত ১৭- এ কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের বিচার কাজ চলছে। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন। আদালতকে সহায়তা করেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪২ ঘ.