ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ আসামির বিরুদ্ধে মামলার ৪৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
এজন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়ন প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে মামলার ৩৯তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মাঝে একবার বিরতি দিয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত আদালত চলে। এ সময়ে বাকি ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তাদেরকে জেরা করেন আসামিরা।
এর মধ্য দিয়ে মামলার ৪৫ সাক্ষীর সাক্ষগ্রহণ ও জেরা সম্পন্ন হলো।
সর্বশেষ গত ২০ ডিসেম্বর পর্যন্ত ৩৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করা হয়।
বৃহস্পতিবার আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। সেদিন আসামিরা আদালতে সাফাই সাক্ষী এনে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া আসামি ও সাক্ষীদের মধ্যে সেদিন যুক্তিতর্ক হওয়ারও কথা রয়েছে।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
রেকর্ড উইংয়ের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা উল্লেখযোগ্য।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, জয়পুরহাটসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৪৪০ ঘ.
bdnews24