২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: জয়পুরহাটে ২০ জওয়ানের সাজা

বিদ্রোহের মামলায় জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। পাশাপাশি প্রত্যেককে একশ' টাকা করে জরিমানা করা হয়েছে। তবে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড হয়নি কারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। পাশাপাশি প্রত্যেককে একশ' টাকা করে জরিমানা করা হয়েছে। তবে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড হয়নি কারও। মামলার ২০ আসামির সবার উপস্থিতিতে ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে বৃহস্পতিবার সকাল ১০টায় রায় ঘোষণা করেন আদালতপ্রধান বিডিআরের দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। রায় ঘোষণা শেষে আসামিদের জয়পুরহাট কারাগারে পাঠনো হয়। রায়ে সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে। তিনি সিপাহী অহিদুল ইসলাম। পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে নায়েক ওবাইদুল ইসলামকে। রায়ে সিপাহী বিপ্লব হোসেনকে চার বছরের, মফিজুর হককে তিন বছর নয় মাসের, রবিউল ইসলামকে তিন বছর তিন মাসের এবং আব্দুল মান্নান ও ফিরোজ উদ্দিনকে তিন বছর করে দণ্ড দেওয়া হয়েছে। দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে সিপাহী সিদ্দিকুর রহমান, ল্যান্স নায়েক আব্দুর করিম ও সিপাহী আব্দুল লতিফকে। দেড় বছরের সাজা হয়েছে সিপাহী আব্দুল করিম ও ভিএম আব্দুর রাজ্জাকের। সিপাহী আফজাল হোসেনকে এক বছরের এবং মনিরুল ইসলামকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সিপাহী জামাল উদ্দিন, আনিছুর রহমান, হাফিজুর রহমান ও সিগন্যালম্যান আসাদুজ্জামানকে। চার মাসের দণ্ড হয়েছে সিপাহী জাবিরুল ইসলাম ও আক্তারুজ্জামান লিটনের। ২০ আসামির মধ্যে ১৩ জন আদালতে দোষ স্বীকার করেছিলেন। সাত জন নিজেদের নির্দোষ দাবি করেন। ৩০ নভেম্বর এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। বিচারক প্যানেলে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের মতো জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ানও একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে এর আগে কয়েকটি মামলায় রায় হয়েছে। তাতে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ডও হয়েছে কয়েকজনের। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩৫১ ঘ.