২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় এক মামলার রায় ২৪ জানুয়ারি

নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ২৪ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নওগাঁ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ২৪ জানুয়ারি। ব্যাটালিয়নের ২৫ জওয়ানের বিচার চলছে ১২ নম্বর বিশেষ আদালতে। একই আদালতে নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ১১ জওয়ানের বিচার কাজ আগামী ২৫ জানুয়ারি শুরু হবে। বুধবার নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে আসামিদের হাজির করে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৪৩ রাইফেল ব্যাটালিয়নের আসামি শহিদুল ইসলাম তার পক্ষে সাফাই সাক্ষী হিসাবে হাবিলদার রহমত আলীকে আদালতে হাজির করেন। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই সময় ছয় আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার পর্যন্ত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। মামলার ৩১ সাক্ষীর মধ্যে সাফাই সাক্ষীসহ মোট ২২ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় আদালতের কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় বিরতি দিয়ে দুপুর ১২টায় বিচার কাজ আবার শুরু হয়। দুপুর ১টায় শেষ হয় বিচার কাজ। মামলার প্রসিকিউটর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক সাংবাদকিদের জানান, আদালত আগামী ২৪ জানুয়ারি রায় দেবে। ওইদিন সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। তিনি জানান, আসামিরা তাদের নিজেদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেছেন। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম খান। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮২৫ ঘ.