২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ২৪ রাইফেলের আরেক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ আদালত-৭ এর কার্যক্রম চলে। এতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। মামলার ৩০তম সাক্ষী নায়েক মো. একরামুল করিম সাক্ষ্য দেওয়ার পর এদিন তাকে জেরা করেন দুই আসামি। এরপর আদালত ১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়। ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। আসামিদের মধ্যে ৩১ জন দোষ স্বীকার করেছেন। সাক্ষীর সংখ্যা ৬০। এদিকে এ মামলার প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান জানিয়েছেন, আদালতে বুধবার আটজন আসামিকে হাতকড়া খোলা অবস্থায় পাওয়া যায়। যাদের পকেটে হাতকড়া খোলার চাবিও ছিলো। এ বিষয়টি নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৪৫ ঘ.