নওগাঁ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় নওগাঁয় মঙ্গলবার আরো ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এরপর আসামিরা তাদের জেরা করেন।
সোমবার অভিযোগ গঠনের দিন দুইজন সাক্ষ্য দেন। এনিয়ে ৩১ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হল।
সকাল ১০টায় চতুর্থদিনের বিচার কাজ শুরু হয়।
বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম খান ১২ নম্বর বিশেষ আদালতে সভাপতিত্ব করেন।
বিচারক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার।
৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
সকাল ১০টায় আদালত শুরু হয়ে সকাল ১১টায় বিরতি করা হয়। সাড়ে ১১টায় আবার শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। এরপর বিকাল ৩টা থেকে একটানা বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলে।
এরপর ১৫ মিনিট বিরতির দিয়ে সোয়া ৫টায় বসে বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
সোমবার অভিযোগ গঠনকালে ছয়জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24