রাঙামাটি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।
মঙ্গলবার রাঙামাটির সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত- ১৫ আরো ১০ জনের সাক্ষ্য নেয়।
এনিয়ে গত দুদিনে ২০ সাক্ষীর মধ্যে ১৫ জনের বক্তব্য শুনলো আদালত।
সকাল সোয়া ৯ টায় বিচার কাজ শুরু হয়। এক দফা এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত ২৩ জওয়ানকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
এরপর মামলার প্রসিকিউটর ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান গত বছরের ২৫ ও ২৬ ফেব্রয়ারি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংগঠিত ঘটনা এবং অভিযুক্তরা কে কি করেছেন তা আদালতের কাছে তুলে ধরেন।
পর্যায়ক্রমে ১০ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। এ সময় অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আগামীকাল বুধবার সকাল ৯ টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
অভিযুক্তদের মধ্যে একজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক ও আটজন সিপাহি রয়েছেন।
বিশেষ আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেনেন্ট কর্নেল আব্দুর নূর ও মেজর মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজারুল হক আকন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24