কুষ্টিয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এদের মধ্যে পাঁচজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবস্থিত কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৭ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
সকাল সাড়ে ৮ টায় বিশেষ আদালত বসে। এর আগে পুলিশ পাহারায় কুষ্টিয়া কারাগার থেকে ১৮ জওয়ানকে আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে বলেন, মামলার প্রসিকিউটর চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানান।
আদালত অভিযোগ বিষয়ে জানতে চাইলে ১৩ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। বাকিরা দোষ স্বীকার করেন।
অভিযোগ গঠনের পর আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিশেষ আদালত ১৭- এ কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের বিচার কাজ চলছে।
সোমবার কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের ১৫ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে আগামীকাল বুধবার।
বিশেষ আদালতে সভাপতিত্ব করছেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন।
আদালতকে সহায়তা করেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
পরদিন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের বেশ কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24