২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ডার গার্ড বিলে রাষ্ট্রপতির সই

বর্ডার গার্ড বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর মধ্য দিয়ে বিডিআর বাহিনীর নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর মধ্য দিয়ে বিডিআর বাহিনীর নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে গত ৮ ডিসেম্বর 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে পাস হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের একটি সূত্র মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে, রাষ্ট্রপতি সোমবার বিলে সই করেছেন। সংসদ সচিব আশফাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি বিলে সই করেছেন। আগামীকালই (২২ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি হতে পারে।" ২০০৯ সালে পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলের নাম পরিবর্তনসহ সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ২৪ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সামছুর রহমান পিলখানায় বিদ্রোহের একটি মামলার শুনানির পর সংবাদ সম্মেলনে বলেন, ২৩ ডিসেম্বর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যকর হবে। তিনি বলেন, "২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের বিচার বিডিআর আইনে চলবে। কিন্তু ২৩ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ আইন কার্যকর হওয়ার পর বিচার চলাকালীন সময় কোনো আসামি দলগত বা এককভাবে বিদ্রোহ সমতুল্য কোনো কাজ করলে তার বা তাদের ক্ষেত্রে নতুন আইন কার্যকর হবে।" বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড হলেও বিজিবি আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। নতুন আইনে বর্ডার গার্ড আদালত এবং বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রশ্ন উত্থাপন করা যাবে না। বর্ডার গার্ড বাংলাদেশ বিলটি পাস হয়ে আইন হিসাবে কার্যকর হওয়ার পর 'বাংলাদেশ রাইফেলস্'-এর নাম হবে 'বর্ডার গার্ড বাংলাদেশ' এবং বিডিআর'র লোগোর পরিবর্তে বর্ডার গার্ড বাংলাদেশের লোগো প্রতিস্থাপিত হবে। বিলে বিদ্রোহের ব্যাখ্যা বলা হয়েছে, দুই বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে বাহিনী বা শৃঙ্খলাবাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উৎখাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা ওই ধরনের কোনো কাজ করার কোনো প্রচেষ্টা নিতে পারবে না। আইনে মহাপরিচালক অথবা তার মনোনীত কর্মকর্তার পূর্বানুমোদন নিয়ে পেশাগত দক্ষতাবৃদ্ধি বা বাহিনীর স্বার্থে পেশাজীবী সংগঠনের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিডিআর'র আইনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান ছিলো না। চলতি বছরের ১ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গত ১২ জুলাই 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০'-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়। চলতি বছরের ২০ সেপ্টেম্বর 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে উত্থাপিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএইচ/এমআই/১৪৫৫ ঘ.