২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় দোষ স্বীকার আরেক 'বিদ্রোহী'র

বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আরো এক আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আরো এক আসামি। ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় এর আগে আরো ৩০ জন ক্ষমা চেয়েছেন। পিলখানা দরবার হলে মঙ্গলবার এ মামলার শুনানিতে ২৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এরপর ২৮তম সাক্ষী সাক্ষ্য দেন। মামলায় সাক্ষীর সংখ্যা ৬০ জন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ আদালত-৭ এর কার্যক্রম চলে। এতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। মঙ্গলবার দোষ স্বীকার করে আদালতে ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দেন আসামি সিপাহী আহসানউল্লাহ। তিনি বলেছেন, বিদ্রোহ শুরুর দিন (২৫ ফেব্র"য়ারি) দরবার হল ত্যাগ করা যে অপরাধ হবে তা তিনি জানতেন না। তার বিরুদ্ধে অস্ত্র ধরার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিদ্রোহীদের চাপে তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। শুনানিতে ২৮তম সাক্ষী মোক্তার হোসেন ২০ আসামির বিরুদ্ধে তার অভিযোগ তুলে ধরেন। এরপর আসামিরা তাকে জেরা করবেন। তবে তাকে জেরা শুরু হওয়ার আগেই আদালত বুধবার সকাল পর্যন্ত মুলতবি হয়। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৫৫ ঘ.