২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিডিআর মামলায় অভিযোগ গঠন

নওগাঁয় বিডিআর বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নওগাঁ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় বিডিআর বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নের সদরদপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে দিনের কাজ শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন- রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম খান। আদালতের অন্য সদস্যরা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার। ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। শুরু হয়ে সকাল ১১টায় আদালত একবার মুলতবি করা হয়। দুপুর ১২টায় আবার শুরু হয়ে সোয়া ২টা পর্যন্ত চলে। আবার বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে সোয়া ৫টায় শেষ হয়। আদালতে আসামিদের সামনে অভিযোগ পড়ে শুনিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। অভিযোগ গঠনের আগে অভিযুক্ত ছয়জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদালতে মামলার বাদী কোয়ার্টার মাস্টার আব্দুল লতিফ ও মেজর আফতাবউদ্দীন সাক্ষ্য দেন। অভিযুক্ত ১৯ জওয়ান তাদের জেরা করেন। আদালতে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন- নায়েক সুবেদার আতিয়ার রহমান, সিপাহী সহকারী মুন্সী নাজমুল হক, সিপাহী আলিম আল ফুয়াদ শিকদার, সিপাহী রুমীউজ্জামান, সিপাহী ফয়েজ আহমেদ ও সিপাহী রেজাউল করিম। অপর ১৯ জওয়ান হলেন- সুবেদার মো. খালিদ হোসেন চৌধুরী, নায়েক শেখ ফরিদ আহমেদ, ল্যান্স নায়েক আকরাম হোসেন বিশ্বাস, সিপাহী মো. মাসুম বিল্লাহ, সিপাহী মো. মতিয়ার রহমান, সিপাহী মো. বিপ্লব হোসেন, সিপাহী ভিএম মো. আফিরুল ইসলাম, সিপাহী চালক মো. নুর মোহাম্মদ, সিপাহী চালক খন্দকার মামুন হোসেন, সিপাহী মো. জামাল হোসেন, সিপাহী মো. সাহিনুর আলম, সিপাহী চালক মো. মোস্তাক আলী, সিপাহী মো. কোহিনুর ইসলাম, সিপাহী মো. জাবেদ ইউনুস, সিপাহী মো. ইকবাল হোসেন, সিপাহী মো. মুশিউর রহমান, সিপাহী মেহেদি হাসান রনি, সিপাহী শহিদুল ইসলাম ও নায়েক স. ম .হেদায়েত আলী। বিকালে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় আবার বিচার কাজ শুরু হবে। এ মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য নেওয়া হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৩ ঘ.