রাঙামাটি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার রাঙামাটি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালত ২০ সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেয়।
আগের দিন জেলার বরকল উপজেলার ছোট হরিণায় অবস্থিত এই ব্যাটালিয়নের ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এদের মধ্যে একজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক ও আটজন সিপাহি রয়েছেন।
সোমবার সকাল ৯টায় বিশেষ আদালতের কাজ শুরু হয়। কয়েক দফা বিরতি দিয়ে সাক্ষ্যগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।
এরপর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেনেন্ট কর্নেল আব্দুর নূর ও মেজর মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজারুল হক আকন্দ।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন রাঙামাটিসহ দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ইতোমধ্যে রাঙামাটি সেক্টরের লংগদু রাজনগর ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচার হয়েছে।
আরেকটি মামলায় বাঘাইছড়ি মারিশ্যা ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিচার কাজ পাঁচ মাস বিরতি দিয়ে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24