ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ আসামির মধ্যে দুইজন সোমবার দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
এদিন পিলখানার আরেকটি বিশেষ আদালতে সদর দপ্তরের রেকর্ড উইংয়ের 'বিদ্রোহীদের' বিরুদ্ধে দায়ের মামলার আরো সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তাদেরকে আসামিদের জেরা সম্পন্ন হয়েছে।
আরএসইউ এর আসামিদের দোষ স্বীকার-অস্বীকার সংক্রান্ত কার্যক্রমের জন্য সোমবার সকাল সাড়ে ১০টায় পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ বসে।
আদালত প্রত্যেক আসামিকে এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে সিপাহী ওয়াজেদ আলী মোল্লা ও কোমর উদ্দিন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্যক্রম চলার পর ৩০ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
রোববার একই আদালতে অভিযোগ গঠন শেষে ১১৩ আসামির মধ্যে ৭৪ জনকে পৃথকভাবে অভিযোগ শোনানো হয়।
আদালত চলাকালে আসামি নায়েক মো. আলী আকবর এক আবেদনে এই মামলা থেকে জামিন এবং অব্যাহতি চান। আদালত তার আবেদন নথিভুক্ত করেন।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এই আদালতের সভাপতিত্ব করেন। আদালতের অন্য দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী এবং মেজর সাঈদ তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে ছিলেন মো. সোহরাওয়ার্দী।
গত ৬ মে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এই ইউনিটের বিচার শুরু হওয়ার পর ৮ মে পর্যন্ত চলে। ওই দিন আদালত ১৯ ডিসেম্বর পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়।
রেকর্ড উইং
পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়ন প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ড উইংয়ের ১১১ আসামির বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও তাদেরকে জেরার কার্যক্রম সোমবার সকাল সাড়ে ৯টায় আবারো শুরু হয়।
দুপুর ১টার দিকে ২৩ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এদিন সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলার ৪৮ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্যপ্রদান ও জেরা সম্পন্ন হলো।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম।
গত ২৫ অক্টোবর এই ১১১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন মামলার বাদিসহ দুইজন এবং ২৭ অক্টোবর আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
অভিযোগ গঠনের পর আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
আরএসইউ এবং রেকর্ড উইং এর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচণা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা, সশস্ত্র হয়ে বিদ্রোহে অন্যকে প্ররোচিত করা, নিজ ইউনিটের কর্মকর্তা হয়েও আরএসইউ'র অভিযুক্তদের কর্তৃক মেজর আবু সৈয়দ গাজ্জালীর হত্যাকারির তথ্য গোপন করা উল্লেখযোগ্য।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের মামলায় বিডিআর আইনে ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ বেশ কয়েকটি স্থানে রায় হয়েছে। তাতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩৩০ ঘ.
bdnews24