২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ১৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদ্রোহের মামলায় কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের ১৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 05:41 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের ১৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার কুষ্টিয়ার মিরপুরে সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর ১৫ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। কুষ্টিয়ার ৩২ রাইফেল ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার কাজ চলছে একই আদালতে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। অপরদিকে বুধবার ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের অভিযুক্ত ১৫ জওয়ানের বিচার কাজ শুরু হয়। অভিযুক্তদের এর আগেই কুষ্টিয়া কারাগার থেকে আদালতে আনা হয়। বিডিআর ৩২ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর বিডিআর সেক্টরের কর্মকর্তা মামলার প্রসিকিউটর মেজর শেখ আনোয়ারুল হক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। এসময় আদালত আসামিদের কাছে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর মামলার ৩১ সাক্ষীর মধ্যে ১৫ জনের জবানবন্দি নেয়। এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিশেষ আদালতে সভাপত্বিত করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন। আদালতকে সহায়তা করেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। ২০০৯ সালের ১১ নভেম্বর এ মামলার বিচার কাজ চলার পর সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছিলো। গত বছরের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরদিন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের বেশ কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০১৮ ঘ.