নওগাঁ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় নওগাঁর ২৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হবে।
সকাল ১০টায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন কার্যালয়ে ১২ নম্বর এই বিশেষ আদালতে সভাপতিত্ব করবেন বিডিআর'র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন।
আদালতের বিশেষ প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক একথা জানান।
আদালতকে সহায়তা করবেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি থাকবেন শশাঙ্ক শেখর হালদার।
গত ১৯ অক্টোবর বিচারের প্রথম দিন এই ২৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করেন একই ব্যাটালিয়নের ডিএডি লতিফ সরকার।
পরদিন অভিযুক্ত ২৫ জনকে আদালতে হাজির করে শুনানি শেষে ২০ ডিসেম্বর অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.
bdnews24