ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো তিন জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টায় পিলখানা দরবার হলে সিপাহী তাপস বিশ্বাসকে জেরার মাধ্যমে বিশেষ আদালত-৭ এর কার্যক্রম শুরু হয়। আদালত প্রধানের দায়িত্বে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
সিপাহী তাপস বিশ্বাস ৭ ডিসেম্বর সাক্ষ্য দেন। সেদিন ৪জন আসামী তাকে জেরার করার পরে আদালত মুলতবি হয়। বাকিরা শনিবার সকালে তাকে জেরা করেন।
আরো ৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা হওয়ার পর দুপুর ১টায় আদালতের কার্যক্রম ২১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি হয়।
শনিবার সিপাহী রকিবুল ইসলাম, নায়েক (সিগন্যাল) আতাউর রহমান ও সুবেদার আব্দুল হক সাক্ষ্য দিয়েছেন। ৩৮ জনের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিলেও শনিবার ১৫ জন তাকে জেরা করেছেন। বাকিরা পরবর্তী তারিখে জেরা করবেন।
এ নিয়ে এ মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ হলো। মামলার মোট সাক্ষী ৬০ জন।
২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। মামলায় ৩০ জন আসামি দোষ স্বীকার করেছেন।
পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৭ এ গত ১ ডিসেম্বর এই মামলার শুনানি চলাকালে আদালত অবমাননার অভিযোগে আসামি সিপাহী মো. আব্দুল বাছেতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৭ ডিসেম্বর আদালতের কাছে ক্ষমা চেয়ে আদেশটি পুনর্বিবেচনার আবেদন করেন বাছেত। শনিবার আদালত এই আবেদন খারিজ করে দেন।
এছাড়া সিপাহী শামীম আল মামুন জুয়েল নামের অপর একজন আদালতের রায়ের সম্ভাব্য তারিখ, আইনের ব্যাখ্যা ও জামিন চেয়ে লিখিত আবেদন করেন। আদালত জানান, নিয়মানুযায়ী আদালত চলছে। যতদ্রুত সম্ভব আদালতের কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে। তাই রায়ের সম্ভাব্য কোন তারিখ জানানো সম্ভব নয়। আইনের ব্যাখ্যা আইনজীবি ও ফ্রেন্ড অব দি একিউজডদের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।
তার জামিনের আবেদন বাতিল করে দেন আদালত।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/কেএমএস/১৫৫৫ ঘ.
bdnews24