২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

সিলেটের গোয়াইনঘাটে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

সিলেট, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের গোয়াইনঘাটে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বুধবার দুপুরে প্রতাপপুর সীমান্তের পাদুয়া জিরো পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিএসএফ ও ভারতীয় খসিয়ারা বাংলাদেশের ভেতরে ঢোকার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত চলা বৈঠকে বাংলাদেশ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন যথাক্রমে বিডিআর ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল কাদির ও বিএসএফ ১ ব্যাটলিয়নের অধিনায়ক শেখর গুপ্তা। উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হোসেন, ২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, ভূমি রেকর্ড অধিদপ্তরের (জরিপ) কানুনগো মো. আজহারুল ইসলাম মিয়া। বৈঠক শেষে খায়রুল কাদির সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয়রা বাংলাদেশের জমি জবরদখলের চেষ্টার ব্যাপরে দু:খ প্রকাশ করেছে। ভবিষৎতে বিএসএফ এ ধরনের অনুপ্রবেশ থেকে বিরত থাকারও আশ্বাস দেন শেখর গুপ্তা। তিনি বলেন, বিরোধপূর্ণ এ ভূমি ভারতীয়দের বলে দাবি করছে বিএসএফ। এদিকে বাংলাদেশ ও ভারতের বিরোধপূর্ণ জমির চলমান যৌথ জরিপ কাজ বুধবারও হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রতাপপুর (পাদুয়া) সীমান্তের ১২৭০ নম্বর মেইন পিলারের পিয়াইন নদীর তীরে উভয় দেশের যৌথ জরিপ হয়। বৃহস্পতিবার বিজয় দিবসে জরিপ কাজ বন্ধ থাকবে। শুক্রবার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছেন কানুনগো মো. আজহারুল ইসলাম মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় পাদুয়া সীমান্ত এলাকায় প্রায় তিন শতাধিক বিএসএফ সদস্য ও ভারতীয় খাসিয়ারা আকষ্মিকভাবে ১২৭১ ও ১২৭২ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ৫০০ মিটার ভেতেরে ঢুকে প্রায় ৩০০ একর ভূমি দখলের চেষ্টা চালায়। পরে বিডিআর ও স্থানীয়দের প্রতিবাদে তারা পিছু হটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.