বান্দরবান, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় আগামী ৩ জানুয়ারি ঘোষণা করা হবে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালতে এ বিচার চলছে।
শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এ আদেশ দিয়ে ২০১১ সালের ৩ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
এর আগে মামলার প্রসিকিউটরের বক্তব্য, আসামিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে যুক্তি ও প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়। তারপর আসামিদের বক্তব্য ও যুক্তিতর্ক শোনা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় সপ্তম দিনের বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় অভিযুক্ত ৩৫ আসামির মধ্যে ২৫ জন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
বাকি ১০ আসামি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের যুক্তিতর্ক ও বক্তব্য শোনা হয়নি।
আসামিদের বক্তব্য শেষে প্রসিকিউটর নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম বক্তব্য দেন এবং অভিযোগের পক্ষে দালিলিক প্রমাণাদি আদালতে উপস্থাপন করেন।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলের সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব। আদালতকে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী ইলিয়াসুর রহমান।
আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আসআদ আবদুল্যাহ। ফ্রেন্ড অব দি অ্যাকিউজড ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ খালিদ মাহমুদ।
আদালত মুলতবি হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এই আদালতে সাত কার্যদিবস বিচার চলেছে। এতে মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।
চলতি বছরের ২৫ অক্টোবর মামলার কার্যক্রম শুরু হয়।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহে সমর্থন দেয় বলে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24