খাগড়াছড়ি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে বিডিআর বিদ্রোহের মামলায় বুধবার তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও সাক্ষীদের জেরা হয়েছে।
সকার ৯টা থেকে খাগড়াছড়ি সেক্টর সদরদপ্তরে ১৫ নম্বর বিশেষ আদালতে এদিন ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে তিনদিনে ২১ জন সাক্ষ্য দিলেন।
এ সময় মাটিরাঙ্গার ২৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৭ জওয়ান আদালতে উপস্থিত ছিলেন।
সাক্ষ্য গ্রহণের সময় সিপাহী মো. জাহেদুল ইসলাম দোষ স্বীকার করেছেন। এ নিয়ে মোট চারজন আসামি দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন।
এরপর ৩৭ জন আসামি সাক্ষীদের জেরা করেন।
বিকাল সাড়ে ৪টায় প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. মেফতাউল করিমকে বৃহস্পতিবার সাফাই সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়ে সেদিন সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
গত ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ নভেম্বর থেকে সাক্ষ্য ও জেরা শুরু হয়।
বিচারক প্যানেলের প্রধান ছিলেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান।
আদালতকে সহায়তা করেন- ৫ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নুর, ২৮ রাইফেল ব্যাটালিয়নের মেজর আ.জ.ম. গোলম মোস্তফা আল-মামুন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি কাজী মো. ইজারুল হক আকন্দ।
রাষ্ট্রপক্ষে আইনি সহায়তা দেন বিশেষ পিপি গাজী জিল্লুর রহমান ও মহিউদ্দিন দেওয়ান।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সমর্থনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ২৯ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24