২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ডার গার্ড বিল সংসদে পাস

বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে পাস হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনে বর্ডার গার্ড আদালত এবং বর্ডার গার্ড আপিল ট্রাইবুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর আগে, বাংলাদেশ রাইফেলস্ এর সর্বোচ্চ শাস্তি সাত বছর ছিলো। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পাসের জন্য এ বিলটি সংসদে উপস্থাপন করেন। বিলটি কন্ঠ ভোটে পাস হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিলটি পাস হয়ে আইন হিসাবে কার্যকর হওয়ার পর 'বাংলাদেশ রাইফেলস্'-এর নাম হবে 'বর্ডার গার্ড বাংলাদেশ' এবং বিডিআর'র লোগোর পরিবর্তে বর্ডার গার্ড বাংলাদেশের লোগো প্রতিস্থাপিত হবে। বিলে বিদ্রোহের ব্যাখ্যা বলা হয়েছে, দুই বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে বাহিনী বা শৃঙ্খলাবাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উৎখাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা ওই ধরনের কোনো কাজ করার কোনো প্রচেষ্টা নিতে পারবে না। আইনে মহাপরিচালক অথবা তার মনোনীত কর্মকর্তার পূর্বানুমোদন নিয়ে পেশাগত দক্ষতাবৃদ্ধি বা বাহিনীর স্বার্থে পেশাজীবি সংগঠনের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিডিআর'র আইনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান ছিলো না। বর্ডার গার্ড আইন অনুযায়ী সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে পারবে। এই আইনে সর্বনিু শাস্তি 'ভর্ৎসনা'। তিন ধরণের আদালত এই আইনে ঊধ্বর্তন কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদর্শনের সর্বোচ্চ শাস্তি ১৪ বছর, অধঃস্তন কোনো ব্যক্তিকে আঘাতে সর্বোচ্চ সাত বছর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইনানুগ আদেশ অমান্যের সর্বোচ্চ শাস্তি ১০ বছর করা হয়েছে। এই আইনে বর্ডার গার্ড তার এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরণের আদালত গঠন করতে পারবে। এই আদালতগুলো হচ্ছে- স্পেশাল বর্ডার গার্ড, স্পেশাল সামারি বর্ডার গার্ড ও সামারি বর্ডার গার্ড আদালত। এছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। নতুন এই আইনে বর্ডার গার্ড আদালত এবং বর্ডার গার্ড আপিল ট্রাইবুনালের কোনো কার্যধারা, রায়, আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আবেদন অসামরিক বা সুপ্রিম কোর্টে উত্থাপন করা যাবে না। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারিতে ঢাকায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠনের মতো গুরুতর অপরাধ বিচারে আইনের অপর্যাপ্ততা দূর করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিলটি প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে পুরাতন বাংলাদেশ রাইফেলস (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৬ রহিত হয়ে যাবে। এ খসড়া আইনে ১৬টি অধ্যায়ে ১৩৭টি ধারা রয়েছে। আইনটি যুগোপযোগী করে বিভাগীয় কর্মকর্তা ও অসামরিক পদে কর্মরত ব্যক্তিদের অপরাধের বিচার, বর্ডার গার্ড বাহিনীর কার্যাবলী, ক্ষমতা ও দায়িত্ব এবং জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। চলতি বছরের ১ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গত ১২ জুলাই 'বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০'-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়। চলতি বছরের ২০ সেপ্টেম্বর 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে উত্থাপিত হয়। এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য 'ভোটার তালিকা (সংশোধন) বিল-২০১০' পাস হয়েছে। এই বিলটি সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। এই বিলটিও কন্ঠ ভোটে পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৩ ঘ.