বান্দরবান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
শনিবার আসামিদের যুক্তিতর্ক শুনবে আদালত।
চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-১৬ বুধবার মামলার বাকি পাঁচ সাক্ষীর জবানবন্দি নেয়।
এ নিয়ে গত তিনদিনে মামলার ২৫ আসামির সাক্ষ্য নেওয়া হলো।
মামলার প্রসিকিউটর ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম সাংবাদিকদের জানান, সকাল ৯টায় ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিচার কাজ শুরু হয়। সকাল ১১ পর্যন্ত বিচার কাজ চলে।
এরপর আদালত আগামী শনিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
তিনি জানান, ওই দিন নিজেদের নির্দোষ দাবি করা ২৫ আসামি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
রোববার মামলাটির অভিযোগ গঠন করা হয়। মামলার ৩৫ আসামির মধ্যে ওইদিন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সাতজন। পরদিন একজন এবং তার পরদিন আরো দুজন দোষ স্বীকার করেন।
প্রসিকিউটর জানান, বিশেষ আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24