খাগড়াছড়ি, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় খাগড়াছড়ির ২৯ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে আরো চারজন সাক্ষ্য দিয়েছেন।
জেলার মাটিরাঙায় অবস্থিত ব্যাটালিয়নটির ৪৭ আসামির বিরুদ্ধে মঙ্গলবার তাদের সাক্ষ্য নেয় বিশেষ আদালত-১৫।
খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত সকাল ৯ টায় বসে। বিচার কাজ চলে বিকাল ৪টা পর্যন্ত।
এর মধ্যে সাক্ষ্য নেওয়ার পাশাপাশি আসামিরা সাক্ষীদের জেরা করেন।
এই মামলায় অভিযোগ গঠন করা হয় রোববার। আসামিদের মধ্যে তিনজন দোষ স্বীকার করেছেন।
গত দুদিনে ৫৬ সাক্ষীর মধ্যে সাতজনের জবানবন্দি নেওয়া হয়। সাক্ষীদের জেরা করেছেন ২৭ আসামি।
বিচার কাজ শেষে মামলার প্রসিকিউটর ২৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম সাংবাদিকদের জানান, এ পর্যন্ত সুবেদার মেজর আকরাম হোসেন, সিগন্যালম্যান মো. আব্দুল ওয়ারেশ, কর্নেল মো. আজিজুর রহমান, নায়েক মো. আব্দুর রশিদ, মেজর মো. জাহেদ হোসেন, হাবিলদার সিগন্যাল গোলাম মোস্তফা চৌধুরী, সিগনালম্যান মো. সায়েম উদ্দিন সাক্ষ্য দিয়েছেন।
তিনি জানান, আদালত আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন, বিডিআর চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল-মামুন।
আদালতকে সহায়তা করেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।
গত ২৫ অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। ২৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয় আসামিদের।
এছাড়া তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আদালত একজন ফ্রেন্ড অব দি অ্যাকিউজড হিসেবে মেজর নাইমুল আলমকে নিয়োগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24