২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: পিলখানায় আরেক আসামির দোষ স্বীকার

পিলখানায় বিডিআর আদালতে ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় সাক্ষীকে জেরা চলছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 05:01 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর আদালতে ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় সাক্ষীকে জেরা চলছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশেষ আদালত-৭ এর কার্যক্রম শুরু হয়। আদালত প্রধানের দায়িত্বে রয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। মাঝে দুইবার বিরতির পর ১৮ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়। ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। এর মধ্যে মঙ্গলবার আরেক আসামি সিপাহি মো. শহিদুল ইসলাম দোষ স্বীকার করেছেন। এ নিয়ে এ মামলার ৩০জন আসামি দোষ স্বীকার করলেন। এই মামলার মোট আসামি ৬৬৭জন। সাক্ষী ৬০জন। মঙ্গলবার পর্যন্ত মোট ২২জন সাক্ষীর সাক্ষ্যপ্রদান এবং জেরা সম্পন্ন হয়। ২৩ নম্বর সাক্ষী সিপাহী তাপস বিশ্বাস ১৩জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরে তাকে ৪জন জেরা করার পর ১৮ ডিসেম্বর পর্যন্ত আদালত মূলতবি করা হয়। পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৭ এ গত ১ ডিসেম্বর এই মামলার শুনানি চলাকালে আদালত অবমাননার অভিযোগে সিপাহী মো. আব্দুল বাছেতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ৪ ডিসেম্বর এই মামলার বিচার চলাকালে বাসেত মৌখিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ওইদিন আদালত প্রধান পরবর্তী (৭ ডিসেম্বর) নির্ধারিত দিনে লিখিত আকারে ক্ষমার আবেদন দিতে বলেন। মূলতবি ঘোষণার আগে সিপাহী মো. আব্দুল বাছেতের ক্ষমার আবেদন পাওয়ার কথা উল্লেখ করে আদালত জানায়, তার (বাছেত) অব্যাহতি চেয়ে আবেদন গ্রহন করে নথিতে রাখা হয়েছে। পরবর্তীতে আদেশ দেওয়া হবে। আদালত শেষে এক সংবাদ ব্রিফ্রিং'এ এই মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান জানান, মঙ্গলবার সাক্ষীরা বলেছেন, বিদ্রোহীরা দলবদ্ধভাবে বিদ্রোহে অংশগ্রহন করে। ফাঁকা গুলি করে। বিদ্রোহীরা চিৎকার করে বলতে থাকে 'যুদ্ধ কাকে বলে আমরা ১০ রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা দেখাইয়া দিবো, হিল ঠাণ্ডা কইরা আইছি এইবার পিলখানা ঠাণ্ডা কইরা দিবো।' এছাড়া ১৭ রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা বলে, 'আমরা ১৭ রাইফেল ব্যাটেলিয়নের সৈনিক। আমরা শুধু বেসিক ট্রেনিং গ্রহন করি নি। আমরা সব সময় নাসাকা বাহিনীর (মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী) সাথে যুদ্ধ করি। কিভাবে যুদ্ধ করতে হয় জানা আছে। এই সৈনিকরাই বিডিআর স্বাধীন করে ছাড়বে, হয় বিডিআর থাকবে না হয় আর্মি থাকবে।' এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, সাজাপ্রাপ্ত বাছেতকে ক্ষমা করে দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আইনানুযায়ী বাছেতের বিরুদ্ধে রায় পূণর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাট ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/কেএমএস/২০০২ ঘ.